পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারণায় আর আসবেন না অমিত শাহ

পশ্চিমবঙ্গে চলমান বিধানসভা নির্বাচনে আরো দুই ধাপের ভোটগ্রহণ বাকি রয়েছে। সেই উপলক্ষে দলীয় প্রচারণায় বেশ কয়েকটি সভায় উপস্থিত থাকার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সর্বভারতীয় বিজেপির সাবেক সভাপতি অমিত শাহর। তবে করোনার উর্ধ্বমুখী পরিস্থিতি বিবেচনায় তিনি পশ্চিমবঙ্গে আর আসবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। আজ শনিবার (২৪ এপ্রিল) বিজেপি সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে আনন্দবাজার অনলাইন।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রচারণায় আসবেন না বলে গতকাল শুক্রবারই নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন অমিত শাহ। আজ রাজ্যের বীরভূমের রামপুরহাট, মুর্শিদাবাদের বেলডাঙা এবং কলকাতার মানিকতলায় পূর্ব নির্ধারিত সভা ছিল তার। সেগুলোও বাতিল করা হয়েছে।

মূলত সম্প্রতি এক নির্দেশনায় নির্বাচন কমিশন জানায়, নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আর কোনো রোড-শো করা যাবে না (গত ২২ এপ্রিল সন্ধ্যা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়)।এরপরই সূচিতে থাকা রোড-শো গুলোকে জনসভায় রুপান্তর করে বিজেপি। তাছাড়া অমিত শাহর রোডে-শোতে অসংখ্য মানুষ হয়। আর তিনি কোনো সভায় গেলে সেখানেও জনতাকে সামলানো কঠিন হয়ে পরে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজেপি সূত্র জানিয়েছে, অমিত শাহর বাতিল করা সভাগুলোতে এখন তার বদলি হিসেবে যাবেন দিলীপ ঘোষ, মিঠুন চক্রবর্তী, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, শুভেন্দু অধিকারী ও লকেট চট্টোপাধ্যায়।

ইত্তেফাক/টিএ