বৈশাখে পথ হেঁটে এসে ক্লান্তি ভোলার হাসি হেসে
বসে গেলাম অবশেষে ফুল-মঞ্জরীর দেশে।
ডাল নোয়ানো গাছে ছিল হাজার কুঁড়ির মেলা,
রিক্ত ন্যাড়া ডালে ডালে লাল আগুনের খেলা!
কৃষ্ণচূড়া মেলল কুঁড়ি পাতা মেলার আগে,
লাল-কমলা রঙের ফুলে কীসের জোয়ার জাগে?
আবার দেখি দুদিন পরে রূপ-লাবণ্য থরে থরে,
বীর সাহসীর রক্ত ঝরে—
ফুল যেন নয়, গাছটা ফুলের তোড়া!
ভাবনা আসে মনের ঘরে—
মুক্তি এসে একাত্তরে অনেক বেশি যত্ন করে
হয়তো গাছে বাঁধছিল তাঁর ঘোড়া!
রক্তক্ষয়ী লড়াই শেষে রক্তনদী সাঁতরে এসে
সুবীর যাঁরা দেশ দিয়েছে ওঁরা।
এই কারণে লালচে ফুলে কৃষ্ণচূড়া জাগে হেসে
বীরের স্মৃতি ভালোবেসে:
লাল ফুলে তাই মাথা-মোড়া!