দামুড়হুদায় স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগে স্ত্রী গ্রেফতার

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

দামুডহুদায় স্বামীকে হত্যার চেষ্টার অভিযোগে পুলিশ তার স্ত্রী কাকলি খাতুনকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, দামুড়হুদার সাড়াবাড়িয়া গ্রামের কাদির মিয়ার ছেলে মাসুদ আলির সঙ্গে তার স্ত্রী কাকলি খাতুনের প্রায়ই ঝগড়াবিবাদ লেগে থাকত বলে স্থানীয়রা জানান। শুক্রবার দুপুরে মাসুদ বাজার থেকে বাড়ি ফিরে কাকলি খাতুনের কাছে পানি চায়। এ সময় কাকলি এক গ্লাস পানিতে ঘুমের ট্যাবলেট ও বেগুনে দেয়া বিষ মিশিয়ে খেতে দেয়। ঐ পানি পান করে মাসুদ অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যার পর চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। বিষয়টি ফাঁস হওয়ার পর রাতে দর্শনা পুলিশ অভিযুক্ত স্ত্রী কাকলি খাতুনকে আটক করে থানায় আনে। পরদিন শনিবার মাসুদ আলির মা মমতাজ বেগম বাদী হয়ে কাকলি খাতুন ও তার কথিত প্রেমিক একই গ্রামের মংলা মিয়ার ছেলে মুকুল হাসানকে অভিযুক্ত করে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। দর্শনা থানার ওসি মো মাহবুবুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাকলি খাতুন সব ঘটনা স্বীকার করেছে। শনিবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। মুকুল পলাতক রয়েছে। স্বামী মাসুদ সদর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে।