নাগেশ্বরীতে পুত্রবধূ হত্যা মামলায় শ্বশুর গ্রেফতার

নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা

নাগেশ্বরীতে পুত্রবধূ হত্যা মামলায় তার শ্বশুর আব্দুল জব্বারকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নীলুরখামার মদনটারী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার জবানবন্দি রেকর্ডের জন্য তাকে কুড়িগ্রাম ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। গত ২০ এপ্রিল উপজেলার রামখানা ইউনিয়নের সরকারটারী গ্রামে শ্বশুরবাড়িতে মারা যান সন্তোষপুর ইউনিয়নের ধনিরপাড় গ্রামের দিনমজুর নজু শেখের মেয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা রোজিনা আক্তার (২১)। ঐদিন রাতে নিহতের বাবা নজু শেখ বাদী হয়ে মেয়ের শ্বশুর ও শাশুড়িসহ সাত জনকে আসামি করে নাগেশ্বরী থানায় হত্যামামলা দায়ের করেন। এর তিন দিন পর ২৩ এপ্রিল রাতে পুলিশ সন্তোষপুর ইউনিয়নের নীলুরখামার মদনটারী গ্রাম থেকে নিহতের শ্বশুর আব্দুল জব্বারকে গ্রেফতার করে।  নাগেশ্বরী থানার ওসি তদন্ত পলাশ মণ্ডল জানান, অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।