ইসরাইলে করোনায় দৈনিক মৃত্যু আবারও শূন্যে নামল

 বিবিসি

করোনা ভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউও নিয়ন্ত্রণে এনেছে ইসরাইল। প্রায় ১০ মাস পর গত শুক্রবার দেশটিতে করোনায় মৃত্যু শূন্যে নেমেছে। মহামারি মোকাবিলায় ইসরাইলের এমন অসামান্য সফল্যের পেছনে ব্যাপক হারে টিকাদানের অবদান রয়েছে বলে মনে করা হচ্ছে।

ইসরাইলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত বৃহস্পতিবার দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা ছিল ৬ হাজার ৩৪৬ জন। পরের ২৪ ঘণ্টায় আর কারো মৃত্যু না হওয়ায় শুক্রবারও একই সংখ্যা দেখা গেছে। ইসরাইল এর আগে সবশেষ করোনায় মৃত্যু শূন্য হয়েছিল গত বছরের জুন মাসের শেষের দিকে। সে সময় ব্যাপক কড়াকড়ির মাধ্যমে সংক্রমণের প্রথম ঢেউ নিয়ন্ত্রণে এনেছিল দেশটি। এরপর সেখানে আবারও বাড়তে শুরু করে করোনার প্রকোপ। একপর্যায়ে চলতি বছরের জানুয়ারিতে চূড়ায় পৌঁছায় এর সংক্রমণ। তবে এরপর আবারও গতি নিম্নমুখী হতে থাকে। মাসখানেক পরেই লকডাউনের বিধিনিষেধ শিথিল করে ইসরাইলি কর্তৃপক্ষ। গত ডিসেম্বরেই করোনার টিকাদান শুরু করেছিল ইসরাইল। জনসংখ্যার অনুপাতে টিকা দেওয়ার ক্ষেত্রে বিশ্বের মধ্যে শীর্ষে রয়েছে দেশটি। গত বৃহস্পতিবারই দেশটি ৫০ লাখ টিকা দেওয়ার অনন্য মাইলফলক স্পর্শ করেছে।