আর্জেন্টিনার পরিবহনমন্ত্রী সড়ক দুর্ঘটনায় নিহত

আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেস থেকে প্রায় ১১০ কিলোমিটার উত্তরে এক সড়ক দুর্ঘটনায় পরিবহনমন্ত্রী মারিয়া মেওনির মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ঝড়ের মধ্যে গাড়ি চালিয়ে হুনিন শহরে যাওয়ার পথে মেওনি দুর্ঘটনায় পড়েন বলে সরকারি বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় রেডিও স্টেশন এফএম ভালের পোস্ট করা ভিডিও ফুটেজে মেওনির উল্টে যাওয়া গাড়ির চারপাশে দমকলকর্মীদের দেখা গেছে।  “তার মৃত্যুতে আর্জেন্টিনা একজন আপাদমস্তক, ক্লান্তিহীন ও সত্ রাজনীতিক এবং অনুকরণীয় কর্মকর্তাকে হারাল,” বিবৃতিতে বলেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। ২০১৯ সালের ডিসেম্বরে মধ্য-বামপন্থি রাজনীতিক ফার্নান্দেজ প্রেসিডেন্ট হওয়ার পর ৫৬ বছর বয়সী মেওনি পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পান।