স্পোর্টস রিপোর্টার
ক্রিকেটারদের করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়ার পর গত মাসে মাঠে গড়িয়েছিল ঘরোয়া ক্রিকেট। কিন্তু করোনার ধাক্কাতেই দুই রাউন্ড পরই স্থগিত হয়েছিল জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় এখন দেশে লকডাউন চলছে। তাছাড়া করোনার সংক্রমণও কমছে না। সবমিলিয়ে আবারও শঙ্কার মুখে পড়ল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ।
যদিও আগামী মাসেই লিগ আয়োজনের পরিকল্পনা করেছিল ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। সেই পরিকল্পনা সহসা আলোর মুখ দেখছে না। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কথায় তেমন কিছুরই আভাস রয়েছে। গতকাল তিনি বলেছেন, আগামী মাসে প্রিমিয়ার লিগ শুরুর সম্ভাবনা ক্ষীণ।
মে মাসে প্রিমিয়ার লিগ শুরুর বিষয়ে জানতে চাইলে গতকাল পাপন বলেছেন, ‘এই পরিস্থিতিতে প্রিমিয়ার লিগ শুরু করাটা কঠিন। এরকম পরিস্থিতি থাকলে অন্তত আমি মনে করি, কোনোভাবেই খেলা উচিত হবে না। যতক্ষণ পর্যন্ত না আমরা বায়ো বাবল নিশ্চিত করতে পারব, ততক্ষণ পর্যন্ত খেলাধুলার প্রশ্নই আসে না, সেটা একটা দল হোক বা ১০টা হোক।’
তিনি আরো বলেন, ‘বিসিবি চেষ্টা করে যাচ্ছে। ওরা যদি আমাকে আশ্বস্ত করতে পারে যে বায়ো বাবল পরিবেশ তৈরি করে খেলাটা চালাতে পারবে তাহলেই শুধু আমরা খেলব। তবে আমার কাছে মনে হচ্ছে সম্ভাবনা খুবই ক্ষীণ এখনো।’ এবার টিম লিডার হিসেবে শ্রীলঙ্কা সফরে গিয়েছেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। মুমিনুলদের সঙ্গেই আছেন তিনি। দলের বিসিবির প্রতিনিধি থাকায় তুষ্ট বিসিবি সভাপতি। এখন দলের বিভিন্ন সিদ্ধান্তের তথ্য জানতে পারছেন তিনি।
পাপন বলেছেন, ‘এখানে মূলত যেটা হয়েছে অন্তত জানি যে, একাদশ কি হচ্ছে, যদি টসে জিতে আগে ব্যাটিং নিবে নাকি ফিল্ডিং নিবে, এই জিনিসগুলো জানি। আগে যেটা ছিল, জানতামই না। জানলে যেটা হয়, আমার যদি কিছু বলার থাকে বলতেও পারি। সেদিক দিয়ে যোগাযোগ শুরু হয়েছে। খালেদ মাহমুদ ওখানে থাকাতে দল আরো উজ্জীবিত হয়ে যাওয়া উচিত। ও ঐ রকমই একজন।’