স্পোর্টস রিপোর্টার
লকডাউন তুলে নেওয়া হবে। ২৮ এপ্রিলের পর আর সেটি থাকবে না একথা জেনেছে আবাহনী। তাই বাফুফের কাছে চিঠি পাঠিয়ে এএফসি কাপের খেলাটা ৩ মে ঢাকায় খেলতে আগ্রহী আবাহনী। বাফুফে জানিয়েছে তারা আবাহনীর চিঠি পেয়েছে সেটি এএফসির কাছেও পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এএফসি হতে গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো জবাব আসেনি। তাই এখন বাফুফে সব কথা বলতে পারছে না। আবাহনীকে সঙ্গে নিয়ে বাফুফে অপেক্ষায় আছে।
এএফসি কাপ প্লেঅফ-১ ম্যাচে আবাহনী খেলবে মালদ্বীপের ঈগলসের বিরুদ্ধে। এই ম্যাচটি ঢাকায় হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের প্রকোপে লকডাউন এসে যায়। ম্যাচ নিয়ে অনেক চিঠি চালাচালি চলছে। একবার এমনও কথা উঠেছিল মালদ্বীপে যেহেতু মূল পর্বের খেলা হবে আর মূল পর্বে খেলার জন্যই প্লেঅফের ম্যাচ। তাই প্লেঅফের ম্যাচ মালদ্বীপে হলেই ভালো। কিন্তু মালদ্বীপের সরকার সময় অনুমোদন করেনি। তারা মূল পর্বের খেলার জন্য অনুমোদন দিয়েছে। বাংলাদেশে লকডাউন উঠে যাচ্ছে সঙ্গে কিছু কিছু দেশে ফ্লাইটও চালু হচ্ছে। এখন আবাহনী তাদের ম্যাচটা ঢাকায় খেলতে চায়।