স্পোর্টস ডেস্ক
ইউরোপীয়ান ফুটবলে এখনো বিতর্কিত সুপার লিগ নিয়ে আলোচনা সমালোচনা চলছে। সুপার লিগের আয়োজক উদ্যোক্তা তার কর্মকাণ্ড নিয়ে থেমে নেই। এখনো বলে আসেছেন সুপার লিগে হতে পারে। ইউরোপিয়ানরা সুপার লিগের বিপক্ষে অবস্থান নিয়ে জানিয়েছেন তারা এটি চান না। বিশেষ করে ইংলিশ সমর্থকদের প্রতিবাদের কথা সবার জানা হয়ে গেছে। সুপার লিগ বিতর্ক মুছে যাক না যাক আজ ইংলিশরা তাদের মাটিতে ফাইনাল ম্যাচ উপভোগ করার অপেক্ষায় আছেন। ইংলিশ কারাবাও কাপের ফাইনালে আজ লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে চারবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ও টটেনহাম হটস্পার। এটা বলার অপেক্ষা রাখে না, আজকে ফাইনালে পরিষ্কার ফেভারিট পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। লিগ লড়াইয়ে ধরাছোঁয়ার বাইরে থেকে শিরোপা জেতার প্রায় দ্বারপ্রান্তে চলে গেছে সিটিজেনরা, ইতিমধ্যে চ্যাম্পিয়নস লিগের সেমিও নিশ্চিত করে ফেলেছে দলটি। যে কারণে কারাবাও কাপে ফাইনালে অনেকটাই ফুরফুরে মেজাজে মাঠে নামবে গার্দিওলার শিষ্যরা। তবে ম্যানসিটি ফাইনালে পাচ্ছে না দলের অন্যতম ফরোয়ার্ড কেভিন ডি ব্রুইনকে। ইনজুরির কারণে খেলতে পারছেন না তিনি। ম্যানসিটির জন্য আশার কথা, দলে ফিরেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। আজকের ম্যাচে দলের নজর থাকবে এই আর্জেন্টাইনের দিকে। ফাইনালকে সামনে রেখে সিটিজেনদের সামনে এক বিরল রেকর্ডও হাতছানি দিচ্ছে। আজকের কারাবাও কাপ জিতলে, লিগ আর চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে তাদের সামনে থাকবে ট্রেবল জয়ের হাতছানি।