মার্চের তাণ্ডবে বিএনপি ছিল সক্রিয়, দিয়েছে অর্থ :তথ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, হেফাজতের গ্রেফতার হওয়া নেতারা মুখ খুলতে শুরু করেছেন এবং তারা ইতিমধ্যে স্বীকার  করেছেন, কোথায় কখন কার বাসায় বৈঠক হয়েছে, কারা তাদের অর্থায়ন করেছে। মন্ত্রী বলেন, ‘আপনারা দেখেছেন ভারতের ইকনোমিক টাইমস ও বাংলাদেশের কয়েকটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে এসেছে, ২৬ থেকে ২৮ মার্চ সারা দেশে হেফাজতের ব্যানারে যে তাণ্ডব চালানো হয়েছে, সেখানে বিএনপি-জামায়াত সক্রিয় অংশ নিয়েছে, অর্থ জোগান দিয়েছে এবং পাকিস্তানি গোয়েন্দা সংস্থা সাহায্য করেছে।’ গতকাল শনিবার দুপুরে মিন্টো রোডের বাসভবন থেকে অনলাইনে মন্ত্রী তার নির্বাচনি এলাকা রাঙ্গুনিয়ায় নিজের পক্ষ থেকে ২ হাজার স্বল্প আয়ের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধনের পর এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।  ড. হাছান মাহমুদ বলেন, হেফাজতে ইসলামের ব্যানারে ২৬ থেকে ২৮ মার্চ সারা দেশে চালানো নৈরাজ্যে যারা জড়িত এবং যারা সহযোগিতা করেছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

ড. হাছান মাহমুদের পারিবারিক প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশন থেকে রাঙ্গুনিয়ার পোমরা, হোছনাবাদ, মরিয়মনগর, চন্দ্রঘোনা ও পৌরসভা এলাকার ২ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়ার এ আয়োজনে রাঙ্গুনিয়া প্রান্তে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক খালেদ মাহমুদ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ধর্ম সম্পাদক ও রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, এনএনকে ফাউন্ডেশনের আবদুর রউফ মাস্টার, জসিম উদ্দিন তালুকদার, এমরুল করিম রাশেদ, উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু প্রমুখ। করোনাকালে এই সাহায্যদান অব্যাহত থাকবে বলে জানান মন্ত্রী।