লাউয়াছড়া জাতীয় উদ্যানসংলগ্ন বনে আকস্মিক আগুন লেগে প্রায় দেড় একর বন পুড়ে গেছে। গতকাল শনিবার বেলা ১টায় উদ্যানের পাশে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘হীড বাংলাদেশের’ কার্যালয়ের পেছনের (বাঘমারা বন ক্যাম্পে) বনে এ আগুন লাগে। আগুন লাগার কারণ জানা যায়নি। গুরুত্বপূর্ণ এই বনে প্রায় দুই ঘণ্টা ধরে আগুন জ্বলে। পরে তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা।
জানা যায়, লাউয়াছড়ার স্টুডেন্ট ডরমেটরি অংশে গাছ রোপণের জন্য কাজ করছিলেন বন বিভাগের কিছু শ্রমিক। দুপুরের দিকে সেখানে হঠাত্ আগুন জ্বলে ওঠে। বনের ভেতরে রাস্তা না থাকায় ফায়ার সার্ভিসের লোকদের যেতে দেরি হয়। আগুনে বড় কোন গাছ পুড়তে দেখা যায়নি। তবে ছোট-বড় লতা-গুল্ম ও গাছ পুড়েছে। ফায়ার সার্ভিস কমলগঞ্জের ইনচার্জ ফারুকুল ইসলাম জানান, ‘গাছগাছালি পুড়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হতে পারে।’ স্থানীয় লোকজনের অভিযোগ, ‘এখানে কিছু অবৈধ দখলদার আছেন। ধারণা করা হচ্ছে, প্রচণ্ড খরতাপের সুযোগ কাজে লাগিয়ে এসব অবৈধ দখলদারই আগুন লাগাতে পারে। দেড় বছর আগেও এই বনে আগুন লেগেছিল।’ লাউয়াছড়ার রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘তদন্ত করে দেখছি কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে।’ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, ‘কেউ ইচ্ছাকৃতভাবেও আগুন লাগাতে পারে, আবার কর্মরত শ্রমিকদের সিগারেটের আগুন থেকেও কিংবা অন্যকোন ভাবেও আগুনের সূত্রপাত হতে পারে। সঠিক কারণ উদঘাটন করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’