সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েকের মুন্সিপাড়ার বাসায় হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার রাত ৯টার দিকে মোটরসাইকেলযোগে আসা কতিপয় দুর্বৃত্ত তার বাসায় হামলা চালায়। হামলাকারীরা তার বাসার সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে এবং বাসার গেটে হামলা ও ভাঙচুর চালায়। এসময় তারা বাসার লোকজনকে গালিগালাজ করে।
খবর পেয়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী রাত ১১ টার দিকে ঘটনাস্থলে যান। পুলিশও অবস্থান করছে ঘটনাস্থলে।
কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক সংবাদ মাধ্যমকে জানান, অন্তত ১৫টি মোটরসাইকেল নিয়ে ১৫-২০ জন লোক প্রথমে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ স্লোগান দিয়ে হামলা করে আমার বাসার সিসি ক্যামেরা ভেঙে দেয়। পরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বাসার গেটে হামলা ও ভাঙচুর চালায়। তার বাসা ছাড়াও আশপাশের আরো কয়েকটি বাসায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
কোতোয়ালি থানার ওসি এস এম আবু ফরহাদ জানান, হামলাকারীরা মুন্সিপাড়া একটি ক্লাবের পাশাপাশি কাউন্সিলরের বাসায়ও হামলা চালিয়েছে। তিনি জানান, সেখানকার একটি ক্লাব নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ রয়েছে। সেই বিরোধের জেরেই কাউন্সিলরের বাসায় এই হামলার ঘটনা ঘটেছে।
১৬ জনের বিরুদ্ধে মামলা
সিটি করপোরেশনের (সিসিক) ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েকের মুন্সিপাড়ার বাসায় হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় ১৬ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১৫-২০ জনকে আসামি করা হয়।
এসএমপির কোতোয়ালি থানার ওসি এস এম আবু ফরহাদ জানান, কাউন্সিলর নিজে বাদী হয়ে শুক্রবার রাতে এ মামলা দায়ের করেন। লামাবাজার ফাঁড়ির ইনচার্জ এস আই আল আমিন মামলাটি তদন্ত করছেন।