গণপরিবহন চালু হলে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। গতকাল শনিবার এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। রেলপথমন্ত্রী বলেন, ‘সরকার যদি ২৯ এপ্রিল থেকে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নেয়, তাহলে যাত্রীবাহী ট্রেন চলাচলও শুরু হবে। যাত্রীবাহী ট্রেন চলাচলের জন্য আমরা প্রস্তুত রয়েছি। স্বাস্থ্যবিধি মেনেই যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। তিনি আরো বলেন, যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কিন্তু কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও পণ্যবাহী পার্সেল ট্রেন চলাচল করছে।
দেশে করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গত ৫ এপ্রিল থেকে দেশে ৩৫৬টি যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে পণ্যবাহী ট্রেন চলছে। যাত্রীবাহী প্রায় আড়াই শ ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। তবে পূর্ব ও পশ্চিম উভয় অঞ্চলেই রেলপথ সংস্কারের কাজ চলছে পুরোদমে।
রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী জানিয়েছেন, যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন ও কোচগুলো বসিয়ে রাখা হয়েছে। ট্রেন চলাচল শুরুর জন্য প্রস্তুত। কারণ সরকার নির্দেশ দিলে ২৮ এপ্রিলের পর যাত্রীবাহী ট্রেন পরিচালনা করতে হবে।