দিনের শুরুতেই তাসকিনের জোড়া আঘাত

পুরো একদিন পার করে অবশেষে উইকেটের দেখা পেলেন বাংলাদেশের বোলাররা। আজ পাল্লেকেল্লে টেস্টে পঞ্চম দিনের পঞ্চম ওভারে ধনঞ্জয় ডি সিলভাকে ফিরিয়েছেন তাসকিন। অফ স্টাম্পের বাইরের বলে ইনসাইড এজ হয়ে বোল্ড হয়েছেন তিনি। দলীয় ৫৩৫ রানে ফেরার আগে করুণারত্নের সঙ্গে ৩৪৫ রানের জুটি গড়েছেন ধনঞ্জয়, একইসাথে নিজের খাতায় যোগ করেছেন ১৬৬ রান। এর পরের ওভারেই আবার তাসকিনের আঘাত। এবারের শিকার ডাবল সেঞ্চুরিয়ান করুণারত্নে। ব্যক্তিগত ২৪৪ রানে শর্ট বলে পুল করতে গিয়ে শান্তর হাতে ধরা পড়েছেন তিনি।

ইতিমধ্যে বাংলাদেশের ৫৪১ টপকে বড় লিডের পথে হাঁটছে শ্রীলঙ্কা। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের সংগ্রহ পাঁচ উইকেটে ৫৪৭ রান।

গতকাল কর্মক্লান্ত এক দিন কাটিয়েছেন বাংলাদেশের বোলাররা। দিনভর ৭৬ ওভার বোলিং করেছেন সবাই মিলে। কিন্তু প্রাপ্তির খাতা শূন্য। তিন সেশনে ২৮৩ রান খরচ করলেও কাঙ্ক্ষিত উইকেটের দেখা পাননি কেউই। উইকেটহীন দিন কাটানোর তিক্ততা হজম করতে হয়েছে বাংলাদেশকে। টেস্টে চতুর্থ বার এমন ব্যতিক্রমী অভিজ্ঞতার মুখে পড়ল বাংলাদেশ দল।

দিমুথ করুনারত্নে, ধনাঞ্জয়া ডি সিলভার ব্যাটে পিষ্ট হয়েছেন তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজরা। দুই লঙ্কানের ব্যাটের দেওয়ালে প্রতিহত হয়েছে তাইজুল-রাহীদের সব প্রচেষ্টা। নিখাদ ব্যাটিং উইকেট কখনোই বুকে টানেনি বোলারদের। পাল্লেকেলে স্টেডিয়ামে গতকাল রান উত্সবে মেতেছিলেন করুনারত্নে-ধনাঞ্জয়া। অধিনায়ক করুনারত্নে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেছেন। ধনাঞ্জয়া তুলে নিয়েছেন ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি। আলোর স্বল্পতার কারণে গতকাল খেলা বন্ধ হওয়ার আগে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ৩ উইকেটে ৫১২ রান তুলেছে। বাংলাদেশের সংগ্রহ থেকে মাত্র ২৯ রান দূরে এখন লঙ্কানরা। করুনারত্নে ২৩৪, ধনাঞ্জয়া ১৫৪ রানে অপরাজিত আছেন।

ম্যাচের চতুর্থ দিন শেষ হয়েছে। এখনো দুই দলের প্রথম ইনিংস শেষ হয়নি। আজ পঞ্চম ও শেষ দিনের খেলা অনুষ্ঠিত হবে। অস্বাভাবিক কিছু না ঘটলে ম্যাচটা ড্রয়ের দিকেই হাঁটছে। টানা চার দিন ব্যাটসম্যানদের পক্ষে কথা বলা উইকেট পঞ্চম দিনে খোলনলচে বদলে যাওয়ার সম্ভাবনাও কম।

গতকাল গোটা দিনে বলার মতো সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ। সকালে প্রথম ঘণ্টায় নিজের ১১তম সেঞ্চুরি পূর্ণ করেছিলেন লঙ্কান অধিনায়ক। লাঞ্চের পর ধনাঞ্জয়া তুলে নেন সপ্তম সেঞ্চুরি। নানাভাবে উইকেট তুলে নেওয়ার চেষ্টা করেছে বাংলাদেশ। কিন্তু সব চেষ্টাই নষ্ট করে দেন দুই লঙ্কান ব্যাটসম্যান।

ইত্তেফাক/এসএ