বাংলাদেশে অস্কার কখন, কেমন হবে আয়োজন

কোন ছবি সেরা হবে কিংবা নেটফ্লিক্সের সেরা চলচ্চিত্র শাখার অস্কার খরা কাটবে কিনা, সেসব নিয়ে অত মাথাব্যথা নেই কারও। বরং বিশ্ব চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৩তম আসরটা কেমন হবে তা দেখতে মুখিয়ে আছে সবাই। কারণ করোনা মহামারির কারণে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃপক্ষ অনুষ্ঠানে আনছে আমূল পরিবর্তন। প্রথমবারের মতো লস অ্যাঞ্জেলসের প্রধান রেলস্টেশন ইউনিয়ন স্টেশনে সাজানো হয়েছে অস্কার মঞ্চ। হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে জমকালো মঞ্চে প্রদান করা হবে পুরস্কার। প্রথমবার দুই ভেন্যুতে দেখা যাবে অস্কার। দুটি ভেন্যুর মধ্যে দূরত্ব ১৩ কিলোমিটার। 

অনুষ্ঠানের তিন প্রযোজক স্টিভেন সোডারবার্গ, স্টেসি শের ও জেসি কলিন্স প্রতিশ্রুতি দিয়েছেন, এবারের অস্কারে থাকবে সিনেমার স্বাদ। পুরো আয়োজন দেখে মনে হবে একটি সিনেমা! আয়োজকদের আশা— সিনেমা হল বন্ধ, বড় বাজেটের ছবির মুক্তি থমকে যাওয়াসহ আহত হলিউডের প্রতি এই আয়োজন হবে একটি প্রেমপত্র। সিনেমা কেনো গুরুত্বপূর্ণ তা জানান দিতে চান তারা। আগের ৯২ বছরে কখনোই যা দেখা যায়নি, এবার তেমন কিছু উপভোগের সুযোগ এনে দিয়েছে করোনা মহামারি। সেভাবেই পুনর্বিন্যাস করা হয়েছে সব। স্বাভাবিকভাবেই ‘সিনেমা’টির গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে মাস্কের!

মঞ্চে পুরস্কার বিজয়ীদের দীর্ঘক্ষণ অনুভূতি জানানোর সুযোগ দেওয়া হবে। তাদের নিজেদের গল্প ও একান্ত ব্যক্তিগত কথা বলায় উৎসাহ দিতেই এই সিদ্ধান্ত। আগে তাদের জন্য সময় বরাদ্দ ছিলো ৪৫ সেকেন্ড। এছাড়া মঞ্চে ‘অ্যান্ড দ্য উইনার গোজ টু’ বলে খাম খোলা ছাড়াও বাড়তি অংশগ্রহণ থাকবে তারকাদের। 

হলিউডের সবচেয়ে তাৎপর্যপূর্ণ রাতের আয়োজকরা গ্ল্যামারের আবহ রাখতে সবাইকে গাউন ও স্যুট-টাক্সেডোর মতো ঝলমলে পোশাক পরে আসার আহ্বান জানিয়েছেন। ফলে অস্কারের সুবাদে এবারের পুরস্কার মৌসুমের লালগালিচার জৌলুস দেখা যাবে প্রথমবার। এরপর ৩ হাজার ৪০০ আসনের ডলবি থিয়েটারে জমকালো মঞ্চে রয়েছে পুরস্কার বিতরণী।

পুরস্কার তুলে দেবেন যারা
অস্কারে অনুষ্ঠানে সিনেমার স্বাদ রাখতে হলিউডের প্রথম সারির তারকা সমাবেশ হবে। পুরস্কার তুলে দিতে মঞ্চে উঠবেন আমেরিকান অভিনেত্রী রেনে জেলওয়েগার, হ্যালি বেরি, জেন্ডায়া, রিজ উইদারস্পুন, লরা ডার্ন, রেজিনা কিং, অ্যাঞ্জেলা ব্যাসেট, মারলি ম্যাটলিন, আমেরিকান অভিনেতা ব্র্যাড পিট, হ্যারিসন ফোর্ড, ব্রায়ান ক্র্যানস্টন, ডন শিডল, ব্রিটিশ অভিনেতা রিজ আহমেদ, পুয়ের্তোরিকান অভিনয়শিল্পী ওয়াকিন ফিনিক্স ও রিটা মোরেনো, দক্ষিণ কোরিয়ার বংশোদ্ভুত আমেরিকান অভিনেতা স্টিভেন ইয়ান ও দক্ষিণ কোরিয়ার নির্মাতা বঙ জুন-হো। অনুষ্ঠানের প্রযোজক ত্রয়ী তো রসিকতার সুরে বলেছেন, ‘এত আলোর ঝলকানিতে চোখে সানগ্লাস লাগতে পারে!’

করোনা সুরক্ষা
১০ বছর আগে স্টিভেন সোডারবার্গের ‘কন্টাজিয়ন’ ছবিতে কাজ করা একদল মহামারি বিশেষজ্ঞের সঙ্গে বিস্তারিত পরামর্শ করেছে আয়োজকরা। ছবিটিতে করোনার মতোই একটি ছোঁয়াচে ভাইরাসের ধ্বংসাত্মক প্রভাবের পূর্বাভাস দেওয়া হয়েছিল। 

ইউনিয়ন স্টেশন এবং ডলবি থিয়েটারে নমুনা পরীক্ষাসহ কঠোরভাবে করোনা প্রটোকল মেনে চলা হবে। এর মধ্যে বেশিরভাগই চলচ্চিত্র ও টিভি অনুষ্ঠানের শুটিংয়ের মানদণ্ড অনুযায়ী। মনোনীতদের মধ্যে লস অ্যাঞ্জেলসে আসতে না পারা তারকারা স্যাটেলাইটের মাধ্যমে বিভিন্ন দেশে অস্কার ভেন্যু থেকে অংশগ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে জুম অ্যাপে হাজির হওয়ার কোনো সুযোগ নেই। যুক্তরাজ্যের মনোনীতদের জন্য লন্ডনের ব্রিটিশ ফিল্ম অ্যাকাডেমি এবং ফরাসি তারকাদের জন্য প্যারিসে একটি স্টুডিও সাজানো হয়েছে। বিজয়ীরা প্রথমবারের মতো সাংবাদিকদের কাছে সাক্ষাৎকার দেবেন ভার্চুয়ালি।

মঞ্চ মাতাবেন যারা
করোনা মহামারির কারণে নির্ধারিত সময়ের দুই মাস পর হচ্ছে ৯৩তম অস্কার। গত পাঁচবারের মতোই অনুষ্ঠানটি পরিচালনা করবেন গ্লেন ওয়েইস।

ইউনিয়ন স্টেশন চত্বরে রয়েছে ৯০ মিনিটের বিশেষ আয়োজন ‘অস্কার: ইনটু দ্য স্পটলাইট’। এতে তারকাদের ৯৩তম অস্কারে মনোনয়ন পাওয়ার পরিভ্রমণ দেখানো হবে। 

এরপর উপভোগ করা যাবে সেরা মৌলিক গান বিভাগে মনোনীত তারকাদের পরিবেশনা। ‘দ্য ট্রায়াল অব দ্য শিকাগো সেভেন’ ছবির ‘হিয়ার মাই ভয়েস’ পরিবেশন করবেন ব্রিটিশ সংগীতশিল্পী ড্যানিয়েল পেম্বারটন ও গায়িকা সেলেস্ট। ‘জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসায়া’র গান ‘ফাইট ফর ইউ’ গেয়ে শোনাবেন আমেরিকান গায়িকা হার। আমেরিকান অভিনেতা লেসলি ওডোম জুনিয়র গাইবেন ‘ওয়ান নাইট ইন মায়ামি’র গান ‘স্পিক নাউ’। ‘দ্য লাইফ অ্যাহেড-লা ভিটা দাবান্তি আ সে’ ছবির ‘ইও সি-সিন’ পরিবেশন করবেন ইতালিয়ান গায়িকা লাউরা পাউজিনি ও আমেরিকান গায়িকা ডায়ান ওয়ারেন। এগুলো ইতিমধ্যে লস অ্যাঞ্জেলসের অ্যাকাডেমি মিউজিয়াম অব মোশন পিকচার্সের ডলবি ফ্যামিলি ছাদে ধারণ করা হয়েছে।

সুইডিশ গায়িকা মলি সানদিয়েন গেয়ে শোনাবেন ‘ইউরোভিশন সং কন্টেস্ট: দ্য স্টোরি অব ফায়ার সাগা ছবি থেকে ‘হুসাভিক’। এর চিত্রায়ন হবে আইসল্যান্ডের হুসাভিকে। এছাড়া ডিজে টারার বিশেষ উপস্থিতি দেখা যাবে। ৯০ মিনিটের আয়োজন উপস্থাপনা করবেন আমেরিকার দুই কৃষ্ণাঙ্গ তারকা আরিয়ানা ডিবোস ও লিল রেল হাওয়ারি।

পুরস্কার বিতরণের পর উদযাপনের অংশ হিসেবে থাকবে ‘অস্কারস: আফটার ডার্ক’ শীর্ষক আয়োজন। এটি উপস্থাপনা করবেন আমেরিকান অভিনেতা কোলম্যান ডমিঙ্গো ও অ্যান্ড্রু র‌্যানেলস। চলচ্চিত্র বোদ্ধা এলভিস মিচেল নেবেন বিজয়ীদের সাক্ষাৎকার। 

বাংলাদেশ সময় শুরু হবে কখন

বাংলাদেশ সময় সোমবার ভোর ৪টা ৩০ মিনিটে ইউনিয়ন স্টেশনে শুরু হবে ‘অস্কার: ইনটু দ্য স্পটলাইট’। 

ডলবি থিয়েটারে ২৩টি শাখায় পুরস্কার বিতরণের আয়োজন শুরু হবে বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টায় ।

এবিসি নেটওয়ার্কের মাধ্যমে পুরো অনুষ্ঠানটি বিশ্বের ২২৫টিরও বেশি দেশে সরাসরি দেখানো হবে। বাংলাদেশে স্টার মুভিজ এবং স্টার ওয়ার্ল্ড চ্যানেলে উপভোগ করতে পারেন ৯৩তম অস্কার। রাত ৯টায় দুটি চ্যানেলই পুনরায় প্রচার করবে এই আয়োজন। 

ইত্তেফাক/বিএএফ