‘এক দেখায়’ ইমরান-পড়শী

সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও পড়শী। ১০ বছরের ক্যারিয়ারে দু’জনার অডিও গানের সংখ্যা বহু। তবে ভিডিও মাত্র দুটি। ইমরান-পড়শীর প্রথম মিউজিক ভিডিও ‘জনম জনম’ প্রকাশ হয় ২০১৩ সালে। এরপর ২০১৯ সালে প্রকাশ হয় ‘আবদার’। এবার প্রেমিক-প্রেমিকার বেসে প্রায় দুই বছর পর ফের তারা দাঁড়ালেন ক্যামেরার সামনে।

তাদের নতুন গানের নাম ‘এক দেখায়’। এটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ। পড়শীকে নিয়ে গাওয়ার পাশাপাশি সুর-সংগীত করেছেন ইমরান নিজেই। আর ‍ভিডিও নির্মাণ করলেন সৈকত রেজা।

সিএমভি’র ব্যানারে নির্মিত ভিডিওটির জন্য ইমরান-পড়শীকে ছুটতে হয়েছে ঢাকা থেকে সুনামগঞ্জ। সেখানে এক দিনের শুটিং শেষ করে গেছেন ময়মনসিংহ।

ইমরান বলেন, ‘এটি নিয়ে আমাদের তিনটি মিউজিক ভিডিও হচ্ছে। সংখ্যাটা খুব কম। তবে আগের দুটো গানের সফলতা অনেক। সেজন্যই অনেক সময় নিয়ে নতুন কাজটি করা। এই ঈদে আমাদের ভক্তদের জন্য এটা বিশেষ উপহার।’

এদিকে অনেকদিন ধরেই মৌলিক গানে নেই পড়শী। বলা যায় এই গানটি দিয়ে তিনি আবার ফিরছেন স্বরূপে। তার কথায়, ‘অনেক দিন বিরতির পর আবারও আমরা একসঙ্গে গান করলাম। গানটি আসছে ভিডিওসহ। আশা করি সবার ভালো লাগবে।’

সিএমভি’র কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘এক দেখায়’ গানচিত্রটি প্রকাশ পাচ্ছে সামনের সপ্তাহে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে।

ইত্তেফাক/বিএএফ