ব্রিজ নয় যেন মরণফাঁদ

ভেদরগঞ্জ (শরীয়তপুর) সংবাদদাতা

ব্রিজটির দুই পাশের সম্পূর্ণ রেলিং ভেঙে গেছে। উঠে গেছে পলেস্তারা। নির্মাণের ৩৪ বছরের মধ্যেও সংস্কারে ছোঁয়া না পাওয়া ব্রিজটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। আর এ ব্রিজ দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে প্রায় ১৫ গ্রামের হাজার হাজার মানুষ যাতায়াত করছেন। বলা হচ্ছে, ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের রেবতী মহন উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কের খালের ওপর ঝুঁকিপূর্ণ ব্রিজটির কথা।

জানা যায়, ১৯৮১-৮২ অর্থবছরে উপজেলা এলজিইডির আওতায় ৬৮ নম্বর চর পায়াতলি-ভেদরগঞ্জ সড়কের খালের ওপর ব্রিজটি নির্মাণ করা হয়। দীর্ঘ ৩৪ বছর অতিবাহিত হবার পরও ব্রিজ সংস্কার করা হয়নি। রামভদ্রপুর ইউপি চেয়ারম্যান বিপ্লব সিকদার জানান, ব্রিজের অবস্থা খুবই খারাপ। বর্তমানে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। এ বিষয়ে এলজিইডির উপজেলা সহকারী প্রকৌশলী মো. ইব্রাহিম হোসেন জানান, ঐ স্থানে নতুন একটি ব্রিজ নির্মাণের জন্য মন্ত্রণালয়ে তালিকা পাঠিয়েছি। আশা করি, আগামী অর্থবছরেই ব্রিজটি নির্মাণ করা হবে।