রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁর রাণীনগরে চলতি ইরি-বোরো মৌসুমের ধান কাটা শুরু করেছেন কৃষকরা। ইতিমধ্যেই উপজেলার ৩০০ হেক্টর বোরো ধান কাটা সম্পন্ন হয়েছে। ভালো ফলন পাওয়ায় অনেকটাই খুশি কৃষকরা। শফিকপুর গ্রামের কৃষক হামিদুর রহমান বলেন, যা আশা করেছিলাম এবার বোরো ধানের তার চেয়ে অনেক বেশি ফলন পেয়েছি। এই মৌসুমে ধানে পোকা ও রোগের আক্রমণ কম হওয়ায় তেমন কীটনাশক ব্যবহার করতে হয়নি। ধানের বাম্পার ফলন পাওয়া যাবে বলে তিনি আশাবাদী। সঞ্জয়পুর গ্রামের কৃষক আবেদ আলী বলেন, লকডাউনের কারণে দূর থেকে কোনো শ্রমিক সহজভাবে আসতে পারছে না। তাই আমরা ধান চাষিরা অনেকটাই শ্রমিকসংকটের আশঙ্কা করছি। তবুও প্রাথমিকভাবে একটু বেশি মূল্য দিয়ে স্থানীয় শ্রমিক দিয়েই ধান কাটা শুরু করেছি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম বলেন, বর্তমানে বিঘাপ্রতি কৃষকরা জিরাশাইল ধানের ২৫-২৭ মণ হারে ফলন পাচ্ছেন। তবে এবার ধানে পোকা ও রোগের আক্রমণ কম এবং আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা ফলন অনেক বেশি পাবেন। গত বছর করোনা মহামারিতে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ধান কাটার শ্রমিক নিয়ে এসে যেভাবে কৃষকদের ধান কাটতে সহযোগিতা করেছি প্রয়োজন হলে এবারও সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। যেন উপজেলার কোনো কৃষক শ্রমিকসংকটে না পড়েন।