নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর হাসপাতালের হিসাবরক্ষক জাহান আরা খানম লাকির বিরুদ্ধে হাসপাতালের ইউজার ফির ৪৮ লাখ ১৭ হাজার ৯১২ টাকা টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা হয়েছে। শনিবার বিকালে দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহফুজ ইকবাল বাদী হয়ে মামলাটি করেন।
মামলার বিবরণে জানা গেছে, নড়াইল সদর হাসপাতালের বিভিন্ন সেবা খাতের ৪৮ লাখ ১৭ হাজার ৯১২ টাকা জাল-জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে আত্মসাতের অভিযোগে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় ঐ মামলা হয়। ২০১৯ সালের জুলাই থেকে ২০২১ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ঐ টাকা সরকারি কোষাগারে জমা না দেওয়ায় হাসপাতালের হিসাবরক্ষক জাহান আরা খানম লাকির বিরুদ্ধে মামলা করা হয়েছে। লাকি নড়াইল শহরের আলাদাতপুরের মৃত মো. তছিকুল ইসলামের মেয়ে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. নাজমুচ্ছায়াদাত বলেন, তদন্তে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হবে।