চট্টগ্রাম অফিস
নগরীর বিবিরহাট এলাকায় করোনা ভাইরাস পরীক্ষার ‘অ্যান্টিজেন টেস্ট’ চালু করেছে এনজিও সংস্থা ব্র্যাক। ব্র্যাকের চট্টগ্রাম অঞ্চলের প্রধান মো. হানিফ উদ্দিন জানান, গতকাল শনিবার থেকে বিবিরহাট বুথে করোনার অ্যান্টিজেন টেস্ট চালু করা হয়েছে। এছাড়া রবিবার চট্টগ্রাম প্রেসক্লাব বুথে এবং পর্যায়ক্রমে নগরীর কর্নেলহাট ও ছোটপুলে এ কার্যক্রম চালু করা হবে। আনুমানিক ৩০ মিনিটের মধ্যেই টেস্টের রেজাল্ট জানানো যাবে। করোনা শনাক্তের জন্য দেশে এতদিন শুধু রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিঅ্যাকশন (আরটি-পিসিআর) পদ্ধতিতে করোনা ভাইরাস পরীক্ষা করার অনুমতি ছিল। তবে এখন সরকার অ্যান্টিজেন পরীক্ষার অনুমতি দিয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি এবং প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক প্রফেসর ড. জুনায়েদ সিদ্দিক জানান, মানবশরীর থেকে রক্ত নিয়ে তা থেকে প্লাজমা আলাদা করে একটি কিটের মাধ্যমে ভাইরাস শনাক্ত করার প্রক্রিয়াই হচ্ছে অ্যান্টিজেন টেস্ট।