বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দেশের দরিদ্র, অসহায় ও কোভিড-১৯-এর কারণে বেশি ক্ষতিগ্রস্ত ১৫ হাজার ৩০০ পরিবারের মধ্যে ‘রমাদান ফুড প্যাকেজ’ বিতরণ শুরু করেছে। কাতার রেড ক্রিসেন্টের সহযোগিতায় রাজধানী ঢাকাসহ চারটি জেলা ও সিটি ইউনিটের মাধ্যমে বেশি ক্ষতিগ্রস্ত বিশেষত যারা দৈনিক আয়ের ওপর নির্ভরশীল পরিবারের মধ্যে এগুলো বিতরণ করা হবে। রবিবার কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের হোস্ট কমিউনিটির ২৫০ পরিবার ও হলদিয়া ইউনিয়নের হোস্ট কমিউনিটির ২৫০ পরিবারের মধ্যে ফুড প্যাকেজ বিতরণ করা হয়। সোসাইটির ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক মো. মিজানুর রহমান বলেন, রমজান মাসে সোসাইটির উদ্যোগে কোভিড-১৯ ও চলমান লকডাউনের কারণে খাদ্য সংকটে থাকা রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম, হবিগঞ্জ, বরগুনা, মুন্সিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার অতি দরিদ্র, অসহায় ও নিম্ন আয়ের ভাসমান মানুষদের মধ্যে রান্না করা স্বাস্থ্যসম্মত খাবার বিতরণ অব্যাহত রয়েছে।
অপরদিকে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ও এইচএসবিসি ব্যাংকের সহযোগিতায় সাইক্লোন আম্ফান ও কোভিড-১৯-এর কারণে ক্ষতিগ্রস্ত দেশের চার জেলার (খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও পিরোজপুর) ৪ হাজার অসহায়, অতি দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মধ্যে ফুড প্যাকেজ বিতরণ অব্যাহত রয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি