বিশেষ প্রতিনিধি
রাজধানীর পল্লবীর ডিওএইচএস এলাকায় পারিবারিক কলহের জেরে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য উমামা বেগম কনককে হত্যার ঘটনায় স্বামী ওমর ফারুক আদালতে দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তার জবানবন্দি গ্রহণ করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
এর আগে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় ওমর স্বেচ্ছায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। উল্লেখ্য, শুক্রবার রাতে পল্লবী থানার মিরপুর ডিওএইচএস, ৭৪৩ নম্বর বাসায় ওমর ফারুক বটি দিয়ে তার স্ত্রী উমামাকে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় পল্লবী থানায় উমামার স্বামীর বিরুদ্ধে মামলা করা হয়। এরপর শনিবার ওমর ফারুককে বাসা থেকে গ্রেফতার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহূত ধারাল বটি ও ফল কাটার চাকু উদ্ধার করে পুলিশ।