ইত্তেফাক রিপোর্ট
বেসরকারি শিক্ষক নিয়োগ কার্যক্রম এক মাস পেছানোর দাবি জানানো হয়েছে। ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের পর নিয়োগ কার্যক্রম শুরুর দাবি জানানো হয়েছে। গতকাল রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান প্রার্থীরা।
জাতীয় বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে বেসরকারি বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান ৫৪ হাজার শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় এক মাস বাড়ানোর দাবি জানিয়েছেন ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা।
মিজানুর রহমান নামে এক প্রার্থী বলেন, আমরা ১৬তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমাদের মৌখিক পরীক্ষা প্রায় শেষ পর্যায়ে ছিল। এর মধ্যে ১৪ এপ্রিল থেকে লকডাউন দেয় সরকার। এতে আমাদের চলমান ভাইভা স্থগিত হয়ে যায়। আর এক সপ্তাহ মৌখিক পরীক্ষা নিতে পারলে শেষ হয়ে যেত। এ অবস্থায় আগামী ৩০ মে তৃতীয় গণবিজ্ঞপ্তির আবেদনের সময় শেষ হচ্ছে। এ আবদেনের সময়সীমা আরো কমপক্ষে এক মাস বাড়িয়ে ১৬তমদের আবেদন করার সুযোগ দেওয়ার দাবি জানান তারা। জাকিরুল ইসলাম নামে এক প্রার্থী বলেন, মৌখিক পরীক্ষা শেষ না হওয়ায় ১৬তম নিবন্ধনধারীদের এখনো এতে যুক্ত করা সম্ভব হয়নি। তবে দ্রুত সময়ের মধ্যে মৌখিক পরীক্ষা শেষ করে ১৬তম নিবন্ধনধারীদের এ গণবিজ্ঞপ্তিতে যুক্ত করার দাবি জানাচ্ছি।
তিনি বলেন, আমরা ১৮ এপ্রিল এনটিআরসি চেয়ারম্যান বরাবর আবেদন করেছি। কিন্তু তিনি আমাদের জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের লিখিত অনুমতি দিলে আমরা তোমাদের সুযোগ দিতে পারব।