প্রশিক্ষিত জনবলের অভাব, ব্যাহত করোনায় আক্রান্তদের চিকিত্সা

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল

মুজিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি

প্রশিক্ষিত ও প্রয়োজনীয় জনবলের অভাবে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ভর্তিকৃত রোগীদের চিকিত্সাসেবা ব্যাহত হচ্ছে। ১০০ শয্যার এ করোনা হাসপাতালটিতে ১০টি আইসিইউ বেড থাকলেও বাস্তবে এখানে সচল রয়েছে আটটি। হাসপাতালের করোনা ইউনিটের চিকিত্সক সহকারী অধ্যাপক মাইনুল হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। হাসপাতালের পরিচালক ডা. মো. হাফিজ উদ্দিন জানান, বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে পাঁচ জন মেডিক্যাল অফিসার ও একজন করে সহযোগী ও সহকারী অধ্যাপক এবং কয়েক জন নার্স-ওয়ার্ডবয় দায়িত্ব পালন করছেন। এখানে প্রশিক্ষিত নার্স ও ওয়ার্ডবয় না থাকায় করোনা আক্রান্তদের সঠিকভাবে চিকিত্সাসেবা দিতে চিকিত্সকদের হিমশিম খেতে হচ্ছে। করোনা আক্রান্তদের সু-চিকিত্সার জন্য করোনা ইউনিটে আরো কমপক্ষে ১০ জন মেডিক্যাল অফিসার, ৩০ জন প্রশিক্ষিত নার্স এবং ওয়ার্ডবয় প্রয়োজন।

পরিচালক আরো জানান, হাসপাতালের নবনির্মিত ভবনে করোনা বেড বাড়ানো যেতে পারে কিন্তু হাসপাতালের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ চলছে। আগামী জুন মাসে ১৪ তলা এ ভবনটি হস্তান্তরের কথা রয়েছে। তাই নবনির্মিত ভবনের ফ্লোরগুলো হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর না করায় নতুন করে করোনা শয্যা সংখ্যা বাড়ানো সম্ভব নয়। হাসপাতালের সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের ২৩ এপ্রিল থেকে চলতি বছর ২১ এপ্রিল পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে মোট ৪১ জন এবং আইসোলেশন ওয়ার্ডে ৪৩৩ জন ভর্তি হয়। এর মধ্যে আইসোলেশন ওয়ার্ড থেকে ২৭২ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আইসোলেশন ওয়ার্ডে ১৪ জন করোনায় মারা গেছেন। এর মধ্যে ৯ জন পুরুষ ও ৫ জন নারী। করোনা ওয়ার্ডে এক বছরে ভর্তি হয় ৩৬৩ জন। এর মধ্যে ২৪৬ জন পুরুষ ও ১১৮ জন নারী। এখানে মারা যান ২৫ জন।