রাজধানীতে দুই জনের লাশ উদ্ধার

রাজধানীর মতিঝিলে ভবন থেকে পড়ে মাকসুদুর রহমান (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া খিলক্ষেতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সুমন সিংহ (৩৩) নামে এক প্রকৌশলীর লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গতকাল রবিবার সকাল সাড়ে ৯টার দিকে মতিঝিলের ফকিরাপুল এলাকার সাততলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে যান মাকসুদুর রহমান। স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

মাকসুদুরের ছেলে মাসুম বিল্লাহ জানান, তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। তারা ফকিরাপুলের একটি ভবনের ছয়তলায় ভাড়া থাকেন। পাঁচ মাস ধরে তার বাবা মানসিক সমস্যায় ভুগছেন। তার চিকিত্সা চলছিল। গতকাল সকালে বাসার কাউকে না জানিয়ে তিনি ছাদে ওঠেন। সেখান থেকে নিচে পড়ে যান।

এদিকে শনিবার রাতে খিলক্ষেত থানার নিকুঞ্জের টানপাড়া এলাকায় একটি বাসার দরজা ভেঙে পল্লী বিদ্যুতের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সুমন সিংহের লাশ উদ্ধার করে পুলিশ। খিলক্ষেত থানার এসআই গৌতম কুমার শীল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় ফাঁস দিয়ে সুমন আত্মহত্যা করেছেন। তার ভাই সুজন সিংহ জানান, গত শুক্রবার থেকে সুমনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ফোনও বন্ধ পাওয়া যায়। পরে শনিবার রাতে তিনি খবর পান তার বাসা থেকে পুলিশ দরজা ভেঙে লাশ উদ্ধার করেছে। ভাইয়ের আত্মহত্যার বিষয়ে তিনি কিছুই জানেন না।