চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুেকন্দ্রের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে হতাহতের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে দায়েরকৃত রিট আবেদনের ওপর আজ সোমবার হাইকোর্টে শুনানি হতে পারে। গতকাল রবিবার রিটকারী আইনজীবী আবেদনটির শুনানির দিন ধার্যের প্রার্থনা করলে তা কার্যতালিকায় অন্তর্ভুক্তির নির্দেশ দেয় বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ।
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে অ্যাডভোকেট সৈয়দা নাসরিন বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দাখিল করেন। রিটে বাঁশখালীর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চাওয়া হয়। একই সঙ্গে নিহত ও আহত শ্রমিকদের পরিবারপ্রতি পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। এতে স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, শিল্পসচিব, বাণিজ্যসচিব, পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।
চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারায় এস আলম গ্রুপের নির্মাণাধীন কয়লাভিত্তিক বিদ্যুেকন্দ্রের শ্রমিকদের বিক্ষোভে গত ১৭ এপ্রিল পুলিশ গুলি চালালে পাঁচ শ্রমিক নিহত এবং অনেক শ্রমিক আহত হন।