রাজধানীর বিমানবন্দর এলাকায় ১০ বছরের এক পথশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মো. আহাদ। মাথায় জখম রয়েছে। গতকাল রবিবার সকালে বিমানবন্দর বলাকা ভবনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায় পুলিশ। শিশুটিকে হত্যার অভিযোগে সন্দেহভাজন হিসেবে মোহাম্মদ আলী নামে এক ভবঘুরেকে আটক করা হয়েছে।
বিমানবন্দর থানা পুলিশ জানিয়েছে, আহাদ পথশিশু। বিমানবন্দর এলাকায় ঘোরাফেরা করত। পথের পাশেই রাত কাটত তার। তোতা মিয়া নামে এক ব্যক্তি বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
ডিএমপির উত্তরা বিভাগের বিমানবন্দর জোনের সহকারী কমিশনার খন্দকার রেজাউল হাসান বলেন, শনিবার রাতের যে কোনো সময় শিশুটিকে মাথায় আঘাত করে খুন করা হয়েছে। এর আগে শিশুটিকে বলাত্কারের চেষ্টা করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে মনে হয়েছে। তিনি জানান, এ ঘটনায় মোহাম্মদ আলী (২৫) নামে এক ভবঘুরেকে আটক করা হয়েছে।