১১০ কিলোমিটার রিকশা চালিয়ে হাসপাতালে নে্ওয়া শিশুটি বাড়ি ফিরল

লকডাউনে অ্যাম্বুলেন্সের ভাড়া না থাকায় ১১০ কিলোমিটার অটোরিকশা চালিয়ে ঠাকুরগাঁও থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া ৭ মাসের শিশু জান্নাত এখন সুস্থ। হাসপাতালে সফল অস্ত্রপচারের পর গতকাল রবিবার শিশুটি বাবা-মায়ের সঙ্গে বাড়ি ফিরেছে।

গত ১৩ এপ্রিল পেটের ব্যথা ও রক্তবমি নিয়ে প্রথমে ঠাকুরগাঁও সদর উপজেলার সালনন্দ গ্রামের তারেক ইসলামের কন্যা জান্নাতকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করালে অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুরে রেফার্ড করেন চিকিত্সক। কিন্তু অ্যাম্বুলেন্স ভাড়ার টাকা না থাকায় ১৭ এপ্রিল শ্যালকের অটোরিকশায় করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তিনি। বিষয়টি গণমাধ্যমে প্রচার ও প্রকাশ করা হলে শিশুটির চিকিত্সার দায়িত্ব নেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসানসহ বিভিন্ন বেসরকারি সংগঠন ও ব্যক্তি।

শিশুটির পিতা তারেক ইসলাম জানান, ‘আমার মেয়ের অপারেশন ও চিকিত্সার সব টাকা দিয়েছেন স্বপ্ন নামের একটি আউটলেটের মালিক। এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে পাওয়া ৫ লাখ টাকা দিয়ে জমি বন্দক নিয়েছি। এটা আমার অনেক বড় পাওনা। যেহেতু আমরা গরিব মানুষ। সে কারণে টাকা?গুলো নিজের কাছে না রেখে সঙ্গে সঙ্গে আমি জমি বন্দক নিয়েছি, মেয়ের ভবিষ্যতের জন্য।’ এজন্য তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।