বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভয়াবহ করোনা পরিস্থিতি ও পবিত্র রমজানের মধ্যেও সরকারের নিষ্ঠুর আচরণ থেমে নেই। বর্তমান সরকার নিজেদের অনৈতিক শাসনকে নিষ্কণ্টক ও দীর্ঘায়িত করার লক্ষ্যে বিরোধী দল এবং ভিন্ন মত, স্বাধীন চিন্তাকে দমন করতে রাজনৈতিক নেতৃবৃন্দকে গ্রেফতার করে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আর এরই ধারাবাহিকতায় ২০ দলীয় জোট নেতা, খেলাফত মজলিসের মহাসচিব ও দেশের বিশিষ্ট আলেম অধ্যাপক ড. আহমদ আবদুল কাদেরকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া সারা দেশে বিরোধী দল বিশেষ করে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসহ অন্যান্য রাজনৈতিক দলের অসংখ্য নেতাকর্মীকে গত এক মাসে অন্যায়ভাবে গ্রেফতার ও মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে।
গতকাল রবিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, দেশ পরিচালনা ও করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের নিদারুণ ব্যর্থতায় জনজীবনে যে নাভিশ্বাস উঠেছে তা থেকে জনদৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং আন্দোলন-সংগ্রাম দমন করতে সরকার এহেন অরাজক পরিস্থিতি তৈরি করছে। তারা ফ্যাসিবাদী কায়দায় জনঅধিকার কেড়ে নিচ্ছে এবং কল্পকাহিনী রচনা করে বিরোধী দলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। অবিলম্বে আহমদ আবদুল কাদেরসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি ও গ্রেফতার অভিযান বন্ধের জোর দাবি জানান মির্জা ফখরুল।