করোনাকালে শ্রমিকদের ঝুঁকিভাতা দেওয়ার দাবি জানিয়েছে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)। একই সঙ্গে আগামী ২০ রমজানের মধ্যে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের উত্সব ভাতা, ২৫ রমজানের মধ্যে মে মাসের অর্ধেক বেতন প্রদানের দাবি করেছেন সংগঠনটির নেতারা। তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসানকে গত শুক্রবার দেওয়া এক চিঠিতে এই দাবি জানায় আইবিসি। আইবিসি আরো দাবি করেছে, করোনাকালে শ্রমিকদের ঝুঁকিভাতা দিতে হবে। সেটি কোনোভাবেই মোট বেতনের অর্ধেকের কম হবে না। এ ছাড়া সরকারের ঘোষণা অনুযায়ী শ্রমিকদের যাতায়াতের জন্য পরিবহনের ব্যবস্থা করতে হবে, না হলে মাথাপিছু দৈনিক ২০০ টাকা যাতায়াত ভাতা দিতে হবে। চিঠিতে অভিযোগ করা হয়েছে, করোনার সংক্রমণ রোধে লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে শ্রমিকদের কাজ করানোর কথা থাকলেও কারখানার মালিকেরা আদৌ তা মানছেন না। তাই স্বাস্থ্যবিধি মানার বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানায় ১৯টি শ্রমিক ফেডারেশনের এই জোট।