শাহজাদপুরে পৌর জামায়াতের সভাপতি ও হেফাজত সদস্য গ্রেফতার

শাহজাদপুর পৌর জামায়াতের সভাপতি ও রোকন সদস্য হোসেন আলী (৬৩) ও হেফাজতে ইসলামের সক্রিয় সদস্য সালমান ওরফে আলমাস আকন্দকে (৩২) পুলিশ গ্রেফতার করেছে। শাহজাদপুর থানা সূত্রে জানা গেছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই দুই জনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। শাহজাদপুর পৌর জামাতের সভাপতি ও রোকন সদস্য হোসেন আলী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পুকুরপাড় মহল্লার মৃত মহির উদ্দিন মুন্সির ছেলে। এসময় পুলিশ জামায়াত নেতার বাড়ি থেকে হকিস্টিক, দেশীয় অস্ত্র, জিহাদি বই ও জামায়াতের টাকা আদায়ের রশিদ উদ্ধার করে। অপরদিকে দ্বারিয়াপুর ভুষিপট্টি এলাকার আলীমুদ্দিন আকন্দর ছেলে ও রূপপুর নতুনপাড়া বায়তুল হাবিব জামে মসজিদের ইমাম হেফাজতে ইসলামের সক্রিয় সদস্য সালমান ওরফে আলমাস আকন্দকে নিজ বাড়িতে নাশকতা কর্মকাণ্ডের পরিকল্পনায় গোপন বৈঠকের প্রস্তুতিকালে  তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ জানান, এরা সরকার উত্খাত ও নাশকতা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এ সময় তাদের কাছে থেকে হকিস্টিক, দেশীয় অস্ত্র, জিহাদি বই ও জামায়াতের টাকা আদায়ের রশিদ উদ্ধার করা হয়েছে। শাহজাদপুর থানার এসআই খলিলুর রহমান নিজে বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে আটক দুই জনের বিরুদ্ধে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।