দীর্ঘদিন ধরে ভেজাল ট্যাং তৈরি, মেয়াদোত্তীর্ণ সফট ড্রিংস মজুত ও বিক্রি করে আসছিল রাজধানীর মাতুয়াইলের ‘শাওন কনজ্যুমার ফুড প্রোডাক্ট লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠান। নকল খাদ্যপণ্য মজুত করা হয় টয়লেটে। গতকাল রবিবার র্যাবের ভ্রাম্যমাণ আদালত ঐ প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এসব অনিয়মের দায়ে ৫ লাখ টাকা জরিমানা করেছে। একই সঙ্গে বিপুল পরিমাণ ভেজাল পণ্য ও মেয়াদোত্তীর্ণ সফট ড্রিংস জব্দ করা হয়।
র্যাব জানিয়েছে, গতকাল মাতুয়াইলের খান বাড়ি চৌরাস্তায় শাওন কনজ্যুমার ফুড প্রোডাক্টের কারখানায় র্যাব-৩ অভিযান চালায়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। তিনি বলেন, প্রতিষ্ঠানটি ট্যাংসহ বিভিন্ন সফট ড্রিংস ও গ্লুকোজ তৈরি করে। অনেক পণ্য তৈরির বিএসটিআই অনুমোদন নেই তাদের। এর পরও পণ্য তৈরি করে এবং প্যাকেটের গায়ে উত্পাদনের কোনো তারিখ লেখা ছিল না। ট্যাং ও সফট ড্রিংস তৈরিতে কাপড়ের রং ব্যবহার করা হয়, যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ছাড়া তৈরি খাদ্যপণ্য টয়লেটে গুদামজাত করে রাখতেও দেখা গেছে। এসবের দায়ে প্রতিষ্ঠানের মালিককে ৫ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। তবে ৫ লাখ টাকা জরিমানা পরিশোধ করেছে প্রতিষ্ঠানের মালিক। এ ছাড়া এক মাসের সময় দেওয়া হয়েছে। বলা হয়েছে, এ সময়ের মধ্যে প্রতিষ্ঠানে যেসব ত্রুটি রয়েছে সেগুলো সমাধান করে ফেলতে। যেসব পণ্য তৈরির জন্য বিএসটিআইয়ের অনুমোদন নেওয়া হয়নি, সেই কাগজপত্র ঠিক করতে নির্দেশনা দেওয়া হয়েছে।