চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯৩তম আসরের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। এবার সেরা অ্যানিমেটেড ছবির শাখায় অস্কার জিতেছে পিট ডক্টর পরিচালিত ‘সৌল’। দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানির মালিকানাধীন পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এই অ্যানিমেটেড ছবিতে অভিনয় করেছেন টিনা ফে, জেমি ফক্স ও গ্রাহাম নর্টন।
এই বিভাগে মনোনয়ন পেয়েছিলো অনওয়ার্ড, ওভার দ্য মুন, অ্যা শন দ্য শিপ মুভি: ফার্মাগেডন, উলফওয়াকার্স।
এছাড়া আরেকটি অস্কার পেলো অ্যানিমেটেড ছবি ‘সৌল’। সেরা মৌলিক সুর শাখার পুরস্কারটি জিতেছেন ট্রেন্ট রেজনা, অ্যাটিকাস রস, জন বাটিস্ট। বিজয়ী ছবির নাম ঘোষণা করেন আমেরিকার এ প্রজন্মের অভিনেত্রী জেন্ডায়া।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসের ইউনিয়ন স্টেশনে বাংলাদেশ সময় আজ সোমবার ভোর ৪টা ৩০ মিনিটে শুরু হয় চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯৩তম আসর। হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে ভোর ৬টা থেকে চলছে পুরস্কার বিতরণ।
এবিসি নেটওয়ার্কের মাধ্যমে এই আয়োজন সরাসরি সম্প্রচার হচ্ছে বিশ্বের ২২৫টিরও বেশি দেশে। বাংলাদেশের দর্শকরা ভোর ৬টা থেকে স্টার মুভিজ ও স্টার ওয়ার্ল্ড চ্যানেলে দেখতে পারছেন অনুষ্ঠানটি।
ইত্তেফাক/বিএএফ