মহামারি কোভিড-১৯ এর উর্ধ্বমুখী সংক্রমণের কারণে সৃষ্ট মানবিক বিপর্যয়ের মধ্যে ভারতকে সহায়তা করতে চায় বলে প্রস্তাব দিয়েছে পাকিস্তান। গত শনিবার এক টুইট বার্তায় এ প্রস্তাব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেইশি। বার্তা সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ইয়াহু নিউজ।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতীয় জনগণের প্রতি সহমর্মিতার প্রকাশ হিসেবে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ভারতকে ত্রাণ ও সহায়তার প্রস্তাব দিচ্ছে। যার মধ্যে রয়েছে ভেন্টিলেটর, বিআই প্যাপ, ডিজিটাল এক্সরে মেশিন এবং পিপিইসহ আরো অন্যান্য মেডিক্যাল সরঞ্জামাদি। আমরা প্রথমে মানবাধিকার নীতিতে বিশ্বাস করি।
As a gesture of solidarity with the people of India in the wake of the current wave of #COVID19, Pakistan has officially offered relief & support to #India, including ventilators, Bi PAP, digital X ray machines, PPEs & other related items. We believe in a policy of #HumanityFirst
— Shah Mahmood Qureshi (@SMQureshiPTI) April 24, 2021
অপর এক টুইট বার্তায় পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী বলেন, ত্রাণ ও অন্যান্য সামগ্রীগুলোর সরবরাহ করতে পাকিস্তান ও ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কাজ শুরু করতে পারে। মহামারির এই চ্যালেঞ্জ মোকাবিলায় তারা সহায়তার সম্ভাব্য আরো উপায়ও আবিস্কার করতে পারে।
একইদিন আরেকটি টুইট বার্তায় ভারতের প্রতি সংহতি প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। একইসঙ্গে যারা ভাইরাসটিতে আক্রান্ত হয়ে লড়াই করছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, কোভিড-১৯ এর ভয়ঙ্কর ঢেউয়ের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের জনগণের প্রতি আমরা সংহতি প্রকাশ করছি। প্রতিবেশি দেশ এবং বিশ্বব্যাপী যারা মহামারিতে আক্রান্ত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনায় আমাদের দোয়া রইলো। মানবতার মুখোমুখি এই বৈশ্বিক চ্যালেঞ্জকে আমাদের একসঙ্গে মোকাবিলা করতে হবে।
ইত্তেফাক/টিএ