করোনায় আক্রান্ত মাকে রাস্তায় ফেলে গেলেন ছেলে, পরে মৃত্যু

ভারতের উত্তরপ্রদেশে করোনায় আক্রান্ত এক মাকে রাস্তায় ফেলে গিয়েছেন তার ছেলে। কয়েক দিন ধরে তিনি সেখানেই পড়েছিলেন। অবশেষে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তাকে হাসপাতালে ভর্তি করেন। শেষ পর্যন্ত সেখানে তার মৃত্যুই হয়। খবর সংবাদ প্রতিদিনের

উত্তরপ্রদেশের কানপুরের এই ঘটনায় ইন্টারনেটে নিন্দার ঝড় উঠেছে। অভিযুক্ত সেই ছেলের বিরুদ্ধে পুলিশ অভিযোগ দায়ের করেছে। সোমবার ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, ঐ করোনা আক্রান্ত মায়ের ছেলের নাম বিশাল। কানপুর ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা তিনি। সম্প্রতি তার মায়ের শ্বাসকষ্ট শুরু হয়। অবস্থার অবনতি হলে বিশাল তার মাকে চাকেরি এলাকায় তার বোনের বাড়ির সামনে ফেলে রেখে চলে যায়। বিশালের বোনও মায়ের দায়িত্ব নিতে অস্বীকার করেন। করোনায় আক্রান্ত সন্দেহে বিশালের বোন মাকে ঘরেই ঢুকতে দেননি। রাস্তাতেই পড়েছিলেন তিনি। অবশেষে স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঐ নারীকে রাস্তার পড়ে থাকতে দেখে কয়েকজন ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন। ভিডিওতে দেখা যায়, একটি বাড়ির বাইরে রাস্তার ধারে ঐ নারী একটি কম্বল মুড়ি দিয়ে শুয়ে রয়েছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে এসে ঐ নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।