মগড়া নদীতে ভাঙন হুমকিতে বিদ্যালয়

নেত্রকোনা প্রতিনিধি

মগড়া নদীর ভাঙনের কবলে পড়েছে নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের লাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। ভাঙন রোধে নির্মাণ করা বাঁশের বাঁধটি এখন জরাজীর্ণ। এমতাবস্থায় এই স্থানে প্রতিরক্ষা দেওয়াল নির্মাণ করা জরুরি হয়ে পড়েছে। তা না হলে আসন্ন বর্ষায় স্কুলটি বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ভাঙনের অংশে প্রতিরক্ষা দেওয়াল নির্মাণের জন্য স্কুল কর্তৃপক্ষ এবং শিক্ষার্থী ও এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।

জানা যায়, ১৯৬৯ সালে এই বিদ্যালয় চল্লিশা ইউনিয়নের লাইট গ্রামে প্রতিষ্ঠিত হয়। বহমান মগড়া নদী থেকে বেশ কিছু  দূরে বিদ্যালয়টির পাকা ঘর নির্মাণ করা হলেও বছর বছর মগড়া নদীর ভাঙনের কারণে এখন বিদ্যালয়টি বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নদীর ভাঙনে যাতে বিদ্যালয়ের কোনো ক্ষতি না হয়, সেজন্য স্থানীয়রা বাঁশ দিয়ে মাটি রক্ষার জন্য গত কয়েক বছর যাবত্ চেষ্টা করে আসছেন। ইতিমধ্যে বিদ্যালয়ের মাঠের বেশ কিছু অংশ নদীগর্ভে চলে গেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা বলেন, নদীর ভাঙনের কবল থেকে বিদ্যালয়টি রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসকের কাছে দরখাস্ত প্রদান করা হয়েছে। নেত্রকোনার সংসদ সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রীও স্কুলের অবস্থা দেখে গেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও আশ্বাস প্রদান করেছেন। চল্লিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার ফকির বলেন, তিনিও জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত বলেন, তিনি বিষয়টি অবগত আছেন এবং সরেজমিনে দেখে ব্যবস্থা নেবেন।