গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় ভাড়াবাসা থেকে রাকিবুল হাসান (৩২) নামের ব্র্যাকের এক মাঠকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে পুলিশ সদর উপজেলার কুপতলা ইউনিয়নের চাপাদহ পাঁচজুম্মা গ্রামের ভাড়াবাসা থেকে তার লাশ উদ্ধার করে। নিহত রাকিবুল নাটোরের বাগাতিপাড়া উপজেলার নাজিরপুর গ্রামের বদর উদ্দিনের ছেলে ও চাপাদহ পাঁচজুম্মা ব্র্যাক কার্যালয়ে চার বছর ধরে মাঠকর্মী হিসেবে কাজ করছিলেন।
চাপাদহ (পাঁচজুম্মা) ব্র্যাক কার্যালয়ের ব্যবস্থাপক সোহেল মিয়া জানান, চার বছর ধরে রাকিবুল একাই ঐ বাসায় ভাড়া থাকতেন। সোমবার সকাল ১০টা পর্যন্ত ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে বাড়ির মালিকের ছেলে তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে ঘরের ভেতর ফ্যানের সঙ্গে রাকিবুলকে ঝুলন্ত দেখতে পান। পরে তিনি পুলিশে খবর দেন।
গাইবান্ধা সদর থানার ওসি মাহফুজার রহমান জানান, গলায় ওড়না দিয়ে সিলিং ফ্যানে ফাঁস লাগানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।