পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু

ইত্তেফাক ডেস্ক

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

সুন্দরগঞ্জ (গাইবান্ধা): সুন্দরগঞ্জে সোমবার সকালে বালুবোঝাই ট্রাক্টর খাদে উলটে হেলপার লিটন মিয়ার মৃত্যু হয়েছে। এ সময় চালক গুরুতর আহত হন। উপজেলার বেলকা ইউনিয়নের বেলকা বাজার (চৌরাস্তা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহিল জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

গোপালগঞ্জ:গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোস্তাফিজুর রহমান পাভেল মারা গেছেন। রবিবার রাত ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহত পাভেলের বড় ভাই সোহেল রানাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মনির আহমেদ জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পাভেলের লাশ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নন্দীগ্রাম (বগুড়া): নন্দীগ্রামে রবিবার রাত ৮টার দিকে ট্রাক্টরচাপায় নুর আমিন নামের এক মুরগি ব্যবসায়ী মারা গেছেন। উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের চাঙ্গুইর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর আমিন থালতা মাজগ্রাম ইউনিয়নের বিশারপাড়া গ্রামের জব্বার হোসেনের ছেলে। তিনি বাইসাইকেল যোগে সোনাকানিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। চাঙ্গুইর নামক স্থানে একটি ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।