চট্টগ্রাম অফিস
বিদেশে রপ্তানির জন্য প্রস্তুতকৃত গার্মেন্টস পণ্য পরিবহনের সময় চুরির ঘটনায় সংঘবদ্ধ একটি চোরচক্রকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (বন্দর) বিভাগ। এ সময় একটি কাভার্ড ভ্যান থেকে ৩ হাজার পিস বিছানার চাদর উদ্ধার করা হয়। সোমবার এ তথ্য জানান সিএমপি গোয়েন্দা বন্দর বিভাগের এডিসি এ এ এম হুমায়ুন কবীর। বন্দর গোয়েন্দা বিভাগ সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত কায়াসার সানকো জেবি টেক্সটাইল লিমিটেড ১৪ হাজার ২৩৩ পিস বিছানার চাদর তৈরি করে। নারায়ণগঞ্জ হতে চট্টগ্রাম বন্দরে শিপমেন্টের জন্য পাঠানোর পথে সংঘবদ্ধ চোরাচক্র ৩ হাজার পিস চুরি করে। চুরির ঘটনায় ১৯ এপ্রিল কায়াসার সানকো জেবি টেক্সটাইল লিমিটেড পতেঙ্গা থানায় একটি মামলা করে।
সিএমপি গোয়েন্দা বন্দর বিভাগের এসি মো. ইয়াসির আরাফাত বলেন, ইপিজেড থানার র্যাব-৭ গলি, বন্দর থানার ২ নম্বর মাইলের মাথা এবং নিমতলা ট্রাক টার্মিনাল থেকে চুরি হওয়া ৩ হাজার পিস বিছানার চাদর উদ্ধার করা হয়। এ সময় জড়িত তিন জনকে গ্রেফতার করা হয়েছে।