লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
লোহাগাড়ায় রবিবার রাত ৩টার দিকে ২৮ হাজার পিস ইয়াবাসহ ইমতিয়াজ নামের এক কাভার্ড ভ্যানের চালককে আটক করেছে পুলিশ। আটককৃত ইমতিয়াজ কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার পূর্ব রঙ্গীখালী এলাকার ইউনুচের ছেলে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার রশিদুল হক ও সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া রহমান জিকুর নির্দেশনায় পুলিশের টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের থানা গেটের সামনে থেকে চট্টগ্রাম অভিমুখী একটি লবণবাহী কাভার্ড ভ্যানে তল্লাশি চালায়। এ সময় ইয়াবাসহ চালককে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৮৪ লাখ টাকা। আটক চালকের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং সোমবার সকালে তাকে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়।