সংবাদ সংক্ষেপ

মহেশপুরে মাদকদ্রব্য জব্দ

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা মহেশপুর সীমান্তে গতকাল সোমবার ভোরে অভিযান চালিয়ে ফেনসিডিল, মদ, গাঁজা ও ইয়াবা জব্দ করেছে বিজিবি-৫৮। বিজিবির প্রেস রিলিজ সূত্রে প্রকাশ, বিজিবি-৫৮-এর অধিনস্ত যাদবপুর বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেতবাড়িয়া মাঠ থেকে ১০০ বোতল ফেনসিডিল জব্দ করে। অন্যদিকে শ্যামকুড় বিওপির টহল দল মাইলবাড়িয়া মাঠ থেকে ১৩৪ পিস ইয়াবা জব্দ করে। এদিকে সামন্তা বিওপি উপজেলার পাকরাইল কবরস্থান থেকে ৪০ বোতল ভারতীয় মদ জব্দ করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, এসব ঘটনায় পৃথক মামলা হয়েছে।

রাজিবপুুরে সড়ক সংস্কারের দাবি

রাজিবপুুর (কুড়িগ্রাম) সংবাদদাতা উপজেলার সদর ইউনিয়নে ধুলাউড়ি গ্রামের মসজিদ থেকে নামাপাড়া পর্যন্ত সড়কটি গত বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। এরপর সড়কটি সংস্কার না হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে দুই গ্রামের বাসিন্দাদের। ধুলাউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, এই আধা কিলোমিটার সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি। রাজিবপুর ইউপি চেয়ারম্যান কামরুল আলম বাদল বলেন, আগামী মাসিক মিটিংয়ে এ সড়কটি নিয়ে আলোচনা করব। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ  বলেন, সড়কটি আমাদের কি না দেখতে হবে। তবে রাস্তাটি দ্রুত সংস্কারের প্রয়োজন।

পাবলিক লাইব্রেরির উদ্যোগে ইফতারসামগ্রী বিতরণ

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা শরণখোলায় পাবলিক লাইব্রেরির উদ্যোগে হতদরিদ্র পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০টায় লাইব্রেরির অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন। এসময় উপস্থিত ছিলেন, উদ্যোক্তা রিয়াদুল ইসলাম সোহেল, রায়েন্দা সরকারি পাইলটহাই স্কুলের প্রধান শিক্ষক সুলতান আহম্মেদ বিএসসি, পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন প্রমুখ।

সুজানগর পৌর মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ

সুজানগর (পাবনা) সংবাদদাতা সুজানগর পৌরসভার নবনির্বাচিত মেয়র, সংরক্ষিত আসনে তিন জন মহিলা কাউন্সিলর ও নয়টি ওয়ার্ডের নয় জন সাধারণ কাউন্সিলরের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর সুজানগর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান। এতে পাবনার ডিডিএলজি শাহেদ পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রওশন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা পরিষদের পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষাসমগ্রী বিতরণ

চাঁদপুর প্রতিনিধি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চাঁদপুর জেলা পরিষদের পক্ষ থেকে সোয়া ২ লাখ স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ কার্যক্রম চলছে। গত ২৫ এপ্রিল রোববার থেকে এ কার্যক্রম শুরু হয়। ঐদিনএ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওসমান গণি পাটওয়ারী। এ বিষয়ে চাঁদপুর জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী মো. ইকবাল হোসেন জানান, গত রবিবার জেলা পরিষদ অফিস থেকে পুরো জেলায় এসব স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়।

দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

ডামুড্যা (শরীয়তপুর) সংবাদদাতা ‘খাদ্যের কথা ভাবলে পুষ্টি কথাও ভাবুন’—এ স্লোগানে ডামুড্যা উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল মুঈদ এবং ডামুড্যা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ মোস্তফা খোকন।

ডিমলায় কৃষি যন্ত্র বিতরণ

ডিমলা (নীলফামারী) সংবাদদাতা রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় সোমবার দুপুরে ডিমলায় বিনা মূল্যে ১৫টি ধান কাটা রিপার যন্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ মাঠে উপজেলার ১৫টি কৃষক গ্রুপের মধ্যে এসব যন্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়।

 

 

০