ওষুধ কিনতে না পারা সেই আ.লীগ নেত্রী মারা গেছেন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

টাকার অভাবে ওষুধ কিনতে না পারা ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী সুলতা সাহা (৬৫) মারা গেছেন। রবিবার রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান তিনি। হাসপাতালে জরুরি বিভাগের চিকিত্সক জামাল হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন সুলতা। তিনি জেলা সদরের পৌর এলাকার পাইকপাড়ার কিরণ চন্দ্র সাহার স্ত্রী।

খোঁজ নিয়ে জানা গেছে, সুলতা জেলা মহিলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য। আওয়ামী লীগ বিরোধী দলে থাকাকালে দলের আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় অংশগ্রহণ ছিল। তার স্বামী সামান্য বেতনে একটি ফ্লাওয়ার মিলে অফিস সহায়ক পদে চাকরি করেন। সংসারে অভব-অনটন সবসময় লেগেই থাকত। একমাত্র ছেলেও মানসিক প্রতিবন্ধী হওয়ায় কিরণ-সুলতা দম্পতির কষ্টের শেষ ছিল না। সুলতা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

গত ১৪ এপ্রিল বাড়ির আঙিনায় হোঁচট খেয়ে পড়ে গিয়ে কোমড়ের হাড় ভেঙে যায় সুলতার। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ওষুধ কেনার সামর্থ্য ছিল না সুলতার পরিবারের। চিকিত্সকরা সুলতাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন।