আব্দুল বারীকে এমডি নিয়োগের সিদ্ধান্ত ন্যাশনাল ব্যাংকের

ইত্তেফাক রিপোর্ট

ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে শাহ সৈয়দ আব্দুল বারীকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ। গতকাল সোমবার ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৪৫তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তটি অনুমোদনের জন্য বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে। জানা গেছে, গতকাল বিকালে ব্যাংকটির চেয়ারম্যান মনোয়ারা সিকদারের সভাপতিত্বে ভার্চুয়ালি পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের অন্য পরিচালকরা অংশ নেন। সভায় এমডি নিয়োগের নির্ধারিত এজেন্ডা অনুযায়ী আলোচনা শুরু হলে সবার সম্মতিতে ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি শাহ্ সৈয়দ আব্দুল বারীকে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের সিদ্ধান্ত হয়। এরপর এটি অনুমোদনের জন্য গতকালই বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়। ন্যাশনাল ব্যাংকের এমডি পদ শূন্যতার তিন মাস শেষ হচ্ছে আগামীকাল বুধবার তার আগেই এই পদে নিয়োগের সিদ্ধান্ত অনুমোদনের জন্য কেন্দ্রীয় নাম পাঠাল ব্যাংকটি। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী পদ শূন্য হওয়ার তিন মাসের মধ্যে এমডি নিয়োগ দিতে হয়। অন্যথায় কেন্দ্রীয় ব্যাংক ঐ ব্যাংকে প্রশাসক নিয়োগ দিতে পারে।