প্রি-শিপমেন্ট ক্রেডিট খাতে বিশেষ তহবিলের সুদহার কমল

ইত্তেফাক রিপোর্ট

করোনার প্রাদুর্ভাবে দেশের ক্ষতিগ্রস্ত উত্পাদন ও রপ্তানিকারকদের জন্য বিশেষ ঋণ সহায়তা দিতে প্রি-শিপমেন্ট ক্রেডিট পুনঃ অর্থায়ন স্কিম নামের ২ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। তিন বছর মেয়াদি এ স্কিমের গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ঋণের সুদহার ছিল ৬ শতাংশ। এখন তা আরো এক শতাংশ কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো নতুন নির্দেশনা অনুযায়ী, গ্রাহক পর্যায়ে সুদহার হবে সর্বোচ্চ ৫ শতাংশ এবং ব্যাংক পর্যায়ে সুদহার-বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলোর নেওয়া পুনঃ অর্থায়ন সুবিধার ওপর ২ শতাংশ হারে সুদ আরোপ করা হবে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রি-শিপমেন্ট ক্রেডিট পুনঃ অর্থায়ন স্কিমের আওতায় স্বল্প সুদে ঋণ প্রাপ্তি নিশ্চিত করার মাধ্যমে রপ্তানি খাতে অধিকতর প্রবৃদ্ধি অর্জন করার লক্ষ্যে গ্রাহক ও ব্যাংক পর্যায়ে সুদহার গ্রাস করার সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে বিআরপিডি আগের সার্কুলার প্রতিস্থাপন করা হলো। এর আগে ২০২০ সালের ১৩ এপ্রিল জারি করা বিআরপিডি প্রজ্ঞাপনে কোভিড-১৯ মহামারির কারণে ক্ষতিগ্রস্ত রপ্তানিমুখি শিল্প প্রতিষ্ঠানগুলোকে প্রি-শিপমেন্ট রপ্তানি ঋণ সহায়তা দেওয়ার বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

 

০