স্পোর্টস রিপোর্টার
বছরের শুরুতে ঘরের মাঠে বাংলাদেশ দুই টেস্ট হেরেছিল ওয়েস্ট ইন্ডিজের কাছে। সেই উইন্ডিজদের সঙ্গেই অ্যান্টিগায় দুই ম্যাচের টেস্ট সিরিজ ড্র করেছিল শ্রীলঙ্কা। বিপরীত ধর্মী অবস্থানে থেকে সিরিজ শুরু করলেও ক্যান্ডিতে প্রথম টেস্টের পর বাংলাদেশ-শ্রীলঙ্কা সমান অবস্থানেই রয়েছে। পাল্লেকেলে স্টেডিয়ামে স্বাগতিকদের বিরুদ্ধে সমানতালে লড়েছিল বাংলাদেশ। পাঁচ দিন লড়াইয়ের পর ম্যাচ ড্র হয়েছে।
ব্যাট হাতে তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক দলকে এগিয়ে নিয়েছেন। বোলিংয়ে তাসকিন আহমেদ নিজের সেরাটা নিংড়ে দিয়েছেন। লঙ্কা সফরে টাইগারদের টিম লিডার খালেদ মাহমুদ সুজন বলছেন, এ পারফরম্যান্সের ধারাবাহিকতা খুব জরুরি। আগামী ২৯ এপ্রিল শুরু হতে চলা সিরিজের দ্বিতীয় টেস্টে এমন নিষ্প্রাণ উইকেট থাকবে না বলেই বিশ্বাস সুজনের। চাপ জয় করে পারফরম করেছেন ক্রিকেটাররা, যা দেখে তৃপ্ত বিসিবির এ পরিচালক।
গতকাল সুজন বলেছেন, ‘যেভাবে ছেলেরা ব্যাট করেছে তাতে আমি খুব খুশি। আমি বিশ্বাস করি ব্যাটিংয়ের এই ধারাবাহিকতাটা ধরে রাখতে পারব। এখান থেকে ভালো খেলবে, পরের ম্যাচ বাকি, এরপর জিম্বাবুয়ে যাবো আমরা। আমরা যেন একটা ভালো টেস্ট টিম হিসেবে গড়ে উঠতে পারি।’
এভাবেই জয়ের রথে ফিরবে বাংলাদেশ দল। সুজন বলেন, ‘আমরা যদি এভাবে টেস্ট ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি, একটা বছর যদি অন্তত ড্র করতে পারি, ভালো ক্রিকেট খেলতে পারি, ব্যাটসম্যানরা ওপর থেকে দায়িত্ব নিয়ে ব্যাটিং করে। তবে একটা সময় আসবে যখন আমরা নিয়মিত টেস্ট ম্যাচ জিতব, আমাদের জন্য ধারবাহিকতা খুব জরুরি।’
প্রথম টেস্টে উইকেট ছিল পুরোপুরি ব্যাটিং বান্ধব। সুজনের ধারণা, দ্বিতীয় টেস্টে উইকেট পরিবর্তন হবে। গতকাল তিনি বলেছেন, ‘আমি মনে করি এরপরে আমাদের জন্য অন্যরকম কিছু অপেক্ষা করছে। সেটা এখনই বলা যাবে না, উইকেট না দেখে। কালকে (আজ) আমরা মাঠে যাবো আশা করি, সিমিং উইকেট হতে পারে, কতটুকু সিমিং হবে আমরা জানিনা। হয়তো স্পিন উইকেট হতে পারে। কিন্তু অবশ্যই ফ্ল্যাট উইকেট হবে না বলে আমি মনে করি। আমরা আশা করছি পরের ম্যাচে এর থেকে ভালো উইকেট পাবো।’ চাপের মুখে মুমিনুলদের পারফর্ম করার ছবি মনে ধরেছে সুজনের।