স্পোর্টস ডেস্ক
চেলসির বিপক্ষে আজ রাতে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে খেলতে নামছে রিয়াল মাদ্রিদ। লিগের গুরুত্বপূর্ণ লড়াইটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
চেলসির বিপক্ষে রেকর্ড ১৩ বারের ইউরোপ সেরার ট্রফি জেতা রিয়াল মাদ্রিদকে আজ কঠিন পরীক্ষা দিতে হবে।
ভালদেবেবাসে প্রথম লেগে খেলতে নামার আগে সংবাদ সম্মেলনে রিয়াল কোচ জিনেদিন জিদানও মেনে নিয়েছেন, চেলসিকে আঘাত করতে হলে নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে তার দলকে। ইনজুরি আক্রান্ত হলেও রিয়াল কোচ জিদান বলছেন, ‘এটা সেমিফাইনাল, আর এখানে খুব কঠিন লড়াই চলবে। আমি মনে করি, ওরা ডিফেন্স ধরে রেখে আক্রমণ চালাবে। আমাদের রক্ষণ সামলা দিতে হবে এবং সুযোগ পেলে আমরা যেভাবে ম্যাচ বের করে আনি, সেভাবে খেলতে হবে। সত্যি বলতে, চেলসিকে হারাতে হলে আমাদের সেরাটাই দিতে হবে মাঠে।’
জয়ের ছক কষলেও ইউরোপিয়ান আসরে চেলসির বিপক্ষে রিয়ালের অতীত ইতিহাস খুব একটা ভালো না। তিন দেখায় দুই বারই দলটি হেরেছে লন্ডনের ক্লাবটির কাছে, ড্র হয় বাকি ম্যাচটি। ইতিহাস যখন ভয় দেখাচ্ছে রিয়ালকে, তখন দলটির জন্য আরো খারাপ সংবাদ ইনজুরির কারণে এ ম্যাচেও নিয়মিত অধিনায়ক সের্হিও রামোসকে পাবে না তারা। কাফ ইনজুরিতে ভুগছেন তিনি। একই চোটের কারণে ফুলব্যাক ফারলাঁ মন্ডিকেও দলে পাবেন না জিদান। করোনা জটিলতায় তার তুরুপের তাস ফেদে ভালবের্দেও রয়েছেন মাঠের বাইরে। শেষ দুই ম্যাচে জয়ের মুখ না দেখা জিদানের জন্য একমাত্র ভালো সংবাদ—এডেন হ্যাজার্ড ও তারকা মিডফিল্ডার টনি ক্রুসের দলে অন্তুর্ভুক্তি। একাদশে হ্যাজার্ডের খেলার কথা রয়েছে।
রিয়ালের মতো চোট সমস্যা নেই চেলসিতে। একমাত্র রিয়ালেরই সাবেক মিডফিল্ডার মাতেও কোভাসিচ হ্যামস্ট্রিং ইনজুরির কারণে এই মহাড়নে নামতে পারছেন না। তবে তারপরও খারাপ সময়ের মধ্যে দিয়ে যাওয়া রিয়ালকে মোটেও খাটো করে দেখতে নারাজ চেলসি কোচ টুখেল, ‘সেরাটা খেলেই আমরা সেমিতে এসেছি। রিয়াল এই টুর্নামেন্টের সবচেয়ে অভিজ্ঞ দল। তবে আমি এ কথা বলতে পারি, আমরা আত্মবিশ্বাসের সঙ্গেই মাঠে লড়তে নামব।’
৪ এ নিয়ে মাত্র চতুর্থ বারের মতো ইউরোপিয়ান আসরে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ এবং চেলসি
৪ শেষ সাত দেখায় স্প্যানিশ ক্লাবগুলোর বিপক্ষে ইংলিশ ক্লাবের জয়ের সংখ্যা।
৮ রেকর্ড অষ্টম বারের মতো চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে খেলতে যাচ্ছে চেলসি, ইংলিশ ক্লাবগুলোর মধ্যে যা সর্বোচ্চ।
১৪ রিয়ালের সেমিফাইনাল খেলার সংখ্যা। আসরে যে কোনো দলের পক্ষে যা সর্বোচ্চ।
১৬২ চ্যাম্পিয়নস লিগে দুটি ভিন্ন দেশের ক্লাবগুলোর মধ্যে সর্বোচ্চ ম্যাচ খেলার সংখ্যা। আজ রিয়াল-চেলসি মাঠে নামলেই, ইংলিশ-স্প্যানিশ প্রতিপক্ষ হিসেবে আসরে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়ে ফেলবে।