স্পোর্টস ডেস্ক
রবিবার রাতে কারাবাও কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটি ১-০ গোলে টটেনহাম হটস্পার্সকে হারিয়ে রেকর্ড চতুর্থবারের মতো শিরোপা জয় করে। মৌসুমের প্রথম শিরোপার দেখা পেল দুর্দান্ত ফর্মে থাকা সিটিজেনরা। ৮ হাজার দর্শক গ্যালারিতে এই উদ্যাপন দেখেছে।
১৯৮১ থেকে ১৯৮৪ পর্যন্ত টানা চারবার লিগ কাপের চ্যাম্পিয়ন হয়েছিল লিভারপুল। এতদিন টুর্নামেন্টের রেকর্ড আটবারের শিরোপাধারী দলও ছিল অল রেডরা। স্পার্সদের হারিয়ে লিভারপুলের এই দুটি রেকর্ডেই ভাগ বসিয়েছে ম্যান সিটি।
ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার কাছে হেরে শিরোপা উত্সবের অপেক্ষা বাড়ালেও লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে সিটিজেনদের খালি হাতে ফিরতে হয়নি ডিফেন্ডার আইমেরিক লাপোর্তের কল্যাণে। গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৮২ মিনিটে জয়সূচক গোলটি করেন এই সেন্ট্রাল ডিফেন্ডার লাপোর্ত। সিটি টানা চারবার লিগ কাপের ছোঁয়া পাওয়ার দিন শিরোপা খরা বাড়াল টটেনহাম। এই হারে এক যুগেরও বেশি সময় ট্রফিহীন থাকতে হলো লন্ডনের ক্লাবটিকে। ২০০৮ সালে এই লিগ কাপেই নিজেদের সবশেষ শিরোপা জিতেছিল তারা।