সোয়ারীঘাটে ১৪০০ কেজি জাটকা জব্দ

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর চকবাজারে সোয়ারীঘাটের মাছের আড়তে কোস্টগার্ড অভিযান চালিয়ে ১৪০০ কেজি জাটকা জব্দ করেছে। গতকাল সোমবার সকালে কোস্টগার্ডের পাগলা স্টেশনের একটি টিম এই অভিযান চালায়। কোস্টগার্ড সদর দপ্তরের লে. কমান্ডার আমিরুল ইসলাম জানান,  গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালীন সোয়ারীঘাট মাছের পাইকারি বাজার থেকে আনুমানিক ১৪০০ কেজি (৩৫ মণ) জাটকা জব্দ করা হয়। উক্ত অভিযানে জাটকার প্রকৃত মালিককে পাওয়া না যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত জাটকা মত্স্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।