সহিংসতার রাজনীতিও বিলুপ্ত করতে হবে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, রবিবার হেফাজতে ইসলাম তাদের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করছে, তবে শুধু বিলুপ্ত করলেই হবে না, সাম্প্রদায়িক সহিংসতার রাজনীতিও বিলুপ্ত করতে হবে। পাশাপাশি নতুন কমিটি গঠনের মাধ্যমে রাজনৈতিক সহিংসতার তাণ্ডব কি বন্ধ হবে? গতকাল সোমবার কুমিল্লা সড়ক জোন, বিআরটিসি ও বিআরটির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা থেকে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে সভায় ভার্চুয়ালি যুক্ত হন।

করোনার এই সময়ে রাজনীতি না করে যার যার অবস্থান থেকে সবাইকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, করোনার এই ভয়াবহ বিস্তাররোধে এখন একমাত্র রাজনীতি হচ্ছে মানুষকে বাঁচানো। জীবিকার আগে জীবন, তাই করোনার এই সময়ে জীবন বাঁচাতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মানুষের জীবন ও জীবিকার দিকেও নজর রাখতে হচ্ছে সরকারের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচক্ষণতার সঙ্গে সবকিছু নিয়ন্ত্রণ করছেন। করোনার এই সময়ে রাজনীতি করা সমীচীন নয় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি সরকারের  বিরুদ্ধে যেভাবে অনবরত মিথ্যাচার করে যাচ্ছে, সে কারণে এসব মিথ্যাচারের জবাব সরকারের পক্ষ থেকে দিতে হয়।

বিএনপির অনেক নেতাদের ওষুধ কোম্পানি আছে। এ ওষুধ কোম্পানিগুলোর মাধ্যমে চিকিত্সাসেবা দেওয়ার সুযোগ আছে কিন্তু সেটাও তারা করছে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের কর্মীদের মতো কৃষকের ধান কেটে দেওয়ার মতো কর্মসূচিও তো বিএনপির নেতারা করতে পারে? তিনি বলেন, বিএনপি শুধু মিথ্যাচার আর অপপ্রচারের রাজনীতিকে আঁকড়ে ধরে আছে এবং সাম্প্রদায়িক অপশক্তিকে সন্ত্রাস ও জ্বালাও পোড়াওয়ের রাজনীতিতে উসকানি দিচ্ছে, যা জনগণ আশা করে না। করোনা ভ্যাকসিন সংগ্রহে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মনে রাখতে হবে ভ্যাকসিনই একমাত্র সমাধান নয়, মাস্ক না পরলে ভ্যাকসিনে কোনো কাজ হবে না।