তবুও শেষ রক্ষা হলো না

করোনায় আক্রান্ত স্বামীর প্রবল শ্বাসকষ্ট শুরু হতেই তাকে নিয়ে অটোরিকশায় করে হাসপাতালের দিকে রওনা দিয়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গের আগরার রেণু সিংঘল। তবে অটোরিকশার মধ্যেই স্বামীর শ্বাসকষ্ট আরো বাড়তে থাকে। নিরুপায় হয়ে স্বামীকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা শুরু করেন রেণু। স্বামীর মুখে মুখ দিয়ে কৃত্রিম উপায়ে তাকে শ্বাস দিয়ে বাঁচিয়ে তুলতে চেয়েছিলেন। তবে শেষরক্ষা হয়নি। সোমবার হাসপাতালের বাইরে রেণুর দুই হাতের ওপরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন রবি সিংঘল। শেষ মুহূর্ত পর্যন্ত রেণুর এই মরিয়া প্রচেষ্টাই নেট দুনিয়ায় ভাইরাল।  গোটা ঘটনায় ফের এক বার ফুটে উঠছে ভারতের কোভিড রোগীদের করুণ দশার ছবি।

স্থানীয় পুলিশ আনন্দবাজার পত্রিকাকে জানায়, উত্তর প্রদেশের আবাস বিকাশ সেক্টর-৭-এর বাসিন্দা রবি সিংঘলের শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হওয়ায় তাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা হয়েছিলেন রেণু। অটোরিকশায় তড়িঘড়ি করেই পৌঁছতে চেয়েছিলেন সরোজিনী নাইডু মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। তবে সেই সরকারি হাসপাতালে ভর্তি করানোর আগেই রবির শ্বাসকষ্টের সমস্যা গুরুতর হতে শুরু করে। তখনই তাকে কৃত্রিম উপায়ে বাঁচানোর চেষ্টা শুরু করেন রেণু।